গাজা যুদ্ধ বন্ধ এবং বিশ্বের বিভিন্ন দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার (২১ জানুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য জানিয়েছে।
বোর্ড অব পিসের আজীবন বা অনির্দিষ্টকালের চেয়ারম্যান হিসেবে থাকবেন ট্রাম্প নিজেই। তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে এই বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যে দেশগুলো ১ বিলিয়ন ডলার করে দেবে, তারা বোর্ড অব পিসের আজীবন সদস্য হওয়ার সুযোগ পাবে।
এদিকে কূটনীতিকরা সতর্কতা প্রকাশ করে বলেছেন, ট্রাম্পের উদ্যোগে গঠিত এই সংগঠন ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। এ বিষয়ে ট্রাম্প নিজেও মন্তব্য করেছেন, বোর্ড অব পিস হয়তো একসময় জাতিসংঘের স্থলাভিষিক্ত হতে পারে।
এখন পর্যন্ত বোর্ড অব পিসে যোগ দিয়েছে আর্জেন্টিনা, আজারবাইজান, বেলারুস, হাঙ্গেরি, কাজাখস্তান, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত এবং ভিয়েতনাম। সর্বশেষ এ তালিকায় যুক্ত হচ্ছে ইসরায়েল।
দেশবার্তা/একে