ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৩৯
চলমান বার্তা:
ওয়াশিংটনে গাজা ‘শান্তি পর্ষদ’র প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:২৩  (ভিজিটর : )

গাজা পরিস্থিতি নিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের পরিকল্পনা করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত তথাকথিত ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদ’র এটি হবে প্রথম বৈঠক। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এবং বোর্ডে থাকা চারটি দেশের কূটনীতিকদের বরাতে এই বৈঠকের পরিকল্পনার কথা জানা গেছে। তবে বৈঠকের প্রস্তুতি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সময়সূচি কিংবা বৈঠকের কাঠামো পরিবর্তিত হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যাক্সিওসের তথ্যমতে, বৈঠকটি ওয়াশিংটনের যুক্তরাষ্ট্র শান্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগের দিন, ১৮ ফেব্রুয়ারি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা নতুন করে গতি পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই বৈঠক শুধু রাজনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। গাজা পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহও বৈঠকের অন্যতম উদ্দেশ্য। এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।

চলতি বছরের জানুয়ারির শেষ দিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দেন। তিনি নিজেই এর নেতৃত্ব দিচ্ছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই বোর্ডের লক্ষ্য হবে বিশ্বজুড়ে চলমান সংঘাতগুলোর সমাধান খুঁজে বের করা। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি বড় অংশ আশঙ্কা করছেন, এই উদ্যোগ জাতিসংঘের ভূমিকা দুর্বল করতে পারে।

বিশ্বের অনেক দেশই ট্রাম্পের এই প্রস্তাবের বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশ এই উদ্যোগে যুক্ত হলেও ইউরোপসহ পশ্চিমা অনেক ঘনিষ্ঠ মিত্র এখনও এতে যোগ দেয়নি।

এর আগে গত নভেম্বরের মাঝামাঝি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব গ্রহণ করে, যেখানে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের অনুমোদন দেওয়া হয়। ওই প্রস্তাবে ‘বোর্ড অব পিস’ ও সংশ্লিষ্ট দেশগুলোর ভূমিকার কথাও উল্লেখ করা হয়। এর ধারাবাহিকতায় গত অক্টোবরে গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি শুরু হয়, যা ট্রাম্পের পরিকল্পনার অংশ ছিল। এই যুদ্ধবিরতিতে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস সম্মতি দেয়।

গত বছরের শেষ দিকে প্রকাশিত ট্রাম্পের গাজা পরিকল্পনা অনুযায়ী, এই বোর্ডের দায়িত্ব ছিল গাজার অস্থায়ী শাসনব্যবস্থা তদারকি করা। পরে ট্রাম্প জানান, বোর্ডের কাজ শুধু গাজায় সীমাবদ্ধ থাকবে না; বরং এটি বিশ্বব্যাপী বিভিন্ন সংঘাত নিয়েও কাজ করবে।

তবে মানবাধিকার বিশেষজ্ঞদের একটি অংশ এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন। তাঁদের মতে, কোনো বিদেশি ভূখণ্ডের প্রশাসনিক তদারকি করা ঔপনিবেশিক শাসনব্যবস্থার স্মৃতি জাগায়। এ ছাড়া এই বোর্ডে কোনো ফিলিস্তিনি প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করার অভিযোগও উঠেছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটছে। অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৫৫০ জন ফিলিস্তিনি এবং চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।

২০২৩ সালের শেষ দিক থেকে ইসরায়েলের হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি। পুরো অঞ্চলজুড়ে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে এবং গাজার প্রায় পুরো জনগোষ্ঠীই বাস্তুচ্যুত হয়েছে। তথ্যসূত্র: রয়টার্স

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg