দীর্ঘ স্বৈরশাসন পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নবনির্বাচিত নতুন সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমানের গত দশ দিনের কর্মসূচি ও পদক্ষেপ নানা মহলে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর বিভিন্ন উদ্যোগ ও আচরণগত বার্তা রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতিতে কী প্রভাব ফেলতে পারে—তা নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে মূল্যায়ন চলছে।
১৮০ দিনের টার্গেট
জনবান্ধব সরকারের ৬ মাসের পরিকল্পনায় প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সরবরাহ চেইন ঠিক রাখা, বিদ্যুৎ-জ্বালানি খাতের সার্ভিস নিরবচ্ছিন্ন রাখা- প্রাথমিক অগ্রাধিকার। যেটা জনগণের ইচ্ছা সেটাই প্রাধান্য পাবে। সে হিসেবে সরকারের ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য তারা আন্তরিক হবেন।
প্রশাসনিক শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা
নিয়মিত সময়ে অফিসে উপস্থিতি, নির্দিষ্ট সময়ের আগেই সভায় বা অনুষ্ঠানে পৌঁছা, ফাইল নিষ্পত্তিতে গতি আনা এবং দাপ্তরিক শৃঙ্খলার ওপর জোর দেওয়া—সরকারপ্রধানের এসব পদক্ষেপ প্রশাসনে বার্তা দেয় যে, কর্মসংস্কৃতিতে জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা অগ্রাধিকার পাচ্ছে। বিশ্লেষকদের মতে, উচ্চপর্যায়ে সময়নিষ্ঠা প্রদর্শন করলে তা নিচের স্তরেও প্রভাব ফেলতে পারে।
পরিবেশ ও অবকাঠামো উদ্যোগ
গাছ লাগানো কর্মসূচি, খাল খনন ও নদী উদ্ধার কার্যক্রমের মতো উদ্যোগ পরিবেশ পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে দেশে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের অভিমত, এসব উদ্যোগ ধারাবাহিক ও প্রযুক্তিনির্ভরভাবে বাস্তবায়িত হলে কৃষি ও নগর ব্যবস্থাপনায় ইতিবাচক ফল আসতে পারে।
কৃষক ও পরিবারভিত্তিক সহায়তা
কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচি সামাজিক সুরক্ষা ও ভর্তুকি ব্যবস্থাকে লক্ষ্যভিত্তিক করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সঠিক ডাটাবেইস ও স্বচ্ছ বণ্টন নিশ্চিত করা গেলে এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রশাসন সংস্কার ও ব্যয়সংযম
প্রশাসন সংস্কারে হাত দেওয়া, সরকারি গাড়ি ও নিরাপত্তা ব্যবস্থায় বাহুল্য পরিহার এবং সরল জীবনযাপনের বার্তা—এসব পদক্ষেপ প্রতীকী হলেও জনমনে ইতিবাচক প্রতিচ্ছবি তৈরি করতে পারে। রাষ্ট্র পরিচালনায় মিতব্যয়িতা ও স্বচ্ছতা জোরদারের প্রশ্নে এ ধরনের অবস্থান রাজনৈতিক সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
মাঠপর্যায়ে সম্পৃক্ততা
সরকারি কর্মসূচিতে গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে অনুষ্ঠানে যাওয়ার মতো তাঁর পদক্ষেপ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের বার্তা বহন করে। এতে নেতার নাগালযোগ্যতা ও জনসম্পৃক্ততার প্রতীকী দিকটি জোরালো হয়।
ঐতিহ্য ও রাজনৈতিক উত্তরাধিকার
কিছু সমর্থক, তাঁর কর্মকাণ্ডে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর সততা, কর্মনিষ্ঠা ও শৃঙ্খলার প্রতিফলন দেখেন এবং সাবেক প্রধানমন্ত্রী মাতা বেগম খালেদা জিয়া–এর রাজনৈতিক ধারা অনুসরণের ইঙ্গিত খুঁজে পান। তবে বিশ্লেষকদের মতে, ঐতিহাসিক পূর্বসূরি ব্যক্তিত্বদের সঙ্গে তুলনার চেয়ে বর্তমান বাস্তবতায় কার্যকারিতা ও নীতির ধারাবাহিক বাস্তবায়নই বেশি গুরুত্বপূর্ণ।
সার্বিক মূল্যায়ন
গত দুই সপ্তাহের কর্মকাণ্ডে প্রশাসনিক শৃঙ্খলা, পরিবেশ সংরক্ষণ, সময়ানুবর্তিতা, সামাজিক সুরক্ষা ও ব্যয়সংযম—এই পাঁচটি দিক বিশেষভাবে লক্ষণীয়। তবে এসব উদ্যোগের দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের ধারাবাহিকতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও স্বচ্ছতার ওপর। রাজনৈতিক অঙ্গনে এ ধরনের পদক্ষেপ ইতিবাচক বার্তা দেয়। তবে চূড়ান্ত মূল্যায়ন নির্ভর করবে আগামীতে দৃশ্যমান ফলাফল ও জনগণের প্রত্যক্ষ উপকার প্রাপ্তির ওপর।
লেখক: সরকারের সিনিয়র সচিব