সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন প্রেসক্লাব ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রেসক্লাবে প্রবেশ করে সামিউল মনিরকে মারধর করতে করতে ভবনের বাইরে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, ইট, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয় তাঁকে। এতে তিনি গুরুতর আহত হন।
হামলার শিকার সামিউল মনির দৈনিক সমকাল ও দৈনিক পত্রদূতের শ্যামনগর উপজেলা প্রতিনিধি।
খবর পেয়ে শ্যামনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রেসক্লাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর, নেতা মিজান, মফু খাঁসহ নেতা-কর্মীরা ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনে অংশ নেয়। সেখানে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
একপর্যায়ে আনোয়ারুর ইসলাম আঙ্গুর, বাবলু, মিজান, মতলেবসহ ২৫-৩০ জন নেতা-কর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে সামিউল মনিরের ওপর হামলা চালান বলে অভিযোগ। এ সময় উপস্থিত অন্য সাংবাদিকদের সঙ্গেও ধাক্কাধাক্কি ও অসদাচরণ করা হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেন জানান, আহত ব্যক্তির মাথার বাম পাশে শক্ত বস্তু দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৩ ফেব্রুয়ারি দৈনিক সমকালে ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে সামিউল মনিরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিলো বলে সহকর্মীরা জানান।
প্রেসক্লাবে ঢুকে হামলার ঘটনায় শ্যামনগরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাটিকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্ত বিএনপি-ঘনিষ্ঠ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিনিধি/একে