শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের শিক্ষা ব্যবস্থা নকলমুক্ত হয়। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের পরীক্ষা কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে নকলমুক্ত স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে সব শিক্ষককে এখনই প্রস্তুত হতে হবে। লেখাপড়ায় দুর্বল শিক্ষার্থীদের দিকে ভালোভাবে নজর দিতে হবে।
তিনি বলেন, ‘ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার গড়ে উঠেছে। এগুলোকে আইনের আওতায় আনা হবে। বেআইনিভাবে কোনো কোচিং সেন্টার চলবে না। আপনাদের চিহ্নিত করতে হবে কোন শিক্ষার্থী কোন বিষয়ে দুর্বল রয়েছে, সে অনুযায়ী শিক্ষকদের ব্যবস্থা নিতে হবে। আস্তে আস্তে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে।’
এহসানুল হক মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে শিক্ষার দায়িত্ব দিয়েছেন। আমরা অনেক কাজ করেছি কিন্তু স্বপ্ন একটিই—তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়া। শিক্ষা মন্ত্রণালয় অন্য দশটা মন্ত্রণালয়ের মতো না। এখানে যারা কাজ করছেন, তারা সবাই “সদকায়ে জারিয়া”র সওয়াব পাবেন।’
১৯৭২ থেকে ২০০১ সাল পর্যন্ত অনেক ক্ষেত্রে নকলে সহায়তার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি নকলের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। আমরা দায়িত্ব থেকে সরে যাওয়ার পর আবার সেই একই অবস্থা ফিরে এসেছিল। তার মানে সরকার যেভাবে চায়, আপনারা সেভাবেই কাজ করেন। এবার আমরা এসেছি, আর কোনো নকল চাই না। আপনাদের অবশ্যই নকল বন্ধ করতে হবে। নকলের বিষয়ে আমরা “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করেছি।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম। এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে