প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং জনস্বার্থে সরকারের সাতটি গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে প্রেষণে নিয়োগ ও বদলি করা হয়।
রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৮ মে’র মধ্যে তাঁকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার হাসান আকাশকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘উপপরিচালক (এভসেক অ্যান্ড এফএলএল পলিসি)’ পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) শামীম আহমেদকে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন স্থানে সমন্বিত মসজিদ নির্মাণ ও সংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।
মাঠ প্রশাসনেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পঞ্চগড়ে কর্মরত সুমন চন্দ্র দাশকে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে মিজ শাহীন সুলতানাকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনকে খুলনা বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে তিনি বাগাতিপাড়া উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জনস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
দেশবার্তা/একে