ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-এর নির্দেশনায় ডিবির ওসি (উত্তর) মোঃ সাজ্জাদ রোমন এবং ওসি (দক্ষিণ) মুহাম্মদ মাহবুবুল হক-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।
এ সময় মাদক ব্যবসায়ী মাসুম মিয়া (২২), পিতা- খোরশেদ মিয়া, সাং- ইকরতলী (হাফটা বাড়ি), থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ এবং পাভেল মিয়া (২৩), পিতা- ইয়াকুব মিয়া, সাং- ইকরতলী, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাসুম মিয়ার বিরুদ্ধে দুটি এবং পাভেল মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে একটি মাদক কারবারি চক্র গড়ে তুলে দেশের বিভিন্ন এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত ৮ কেজি গাঁজার ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/আরএইচ