ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতে সমন্বিত উন্নয়ন ও সেবা সম্প্রসারণের লক্ষ্যে অল সমাধান এবং মাইহেল্থ (MyHealth)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর গুলশান-১ এর নিকেতনে মাইহেল্থ-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম, মার্কেটিং কৌশল এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একটি শক্তিশালী সহযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করবে। এর মাধ্যমে গ্রাহকরা যেকোনো একটি প্ল্যাটফর্ম ব্যবহার করেই কেয়ারগিভার, নার্সিং সেবা, ফিজিওথেরাপি, ডাক্তারের হোম ভিজিট এবং ভিডিও কনসালটেশন সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন।
চুক্তির ফলে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে প্রযুক্তিগত সেবার পরিধি বাড়বে। এখন থেকে ফার্মেসি মালিকরা অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়ে অনলাইনে ওষুধ বিক্রি করতে পারবেন। গ্রাহকরা নিকটস্থ ফার্মেসি থেকে দ্রুত মেডিসিন হোম ডেলিভারি সুবিধার পাশাপাশি অ্যাপভিত্তিক অ্যাম্বুলেন্স সেবা এবং একটি সমন্বিত ফ্রি ব্লাড ব্যাংক নেটওয়ার্ক সার্ভিসের সুবিধাও উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন অল সমাধান-এর ফাউন্ডার মোছা. সুলতানা রাজিয়া এবং মাইহেল্থ-এর সিইও তাশমীম আলম। এ সময় উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বাক্ষর অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়, এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের সাধারণ মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও নির্ভরযোগ্য হয়ে উঠবে এবং চিকিৎসা খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
দেশবার্তা/একে