গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও কৃষি খাতে আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাহারবাটি বাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে।
সোমবার মেহেরপুর অঞ্চলের গাংনী শাখার অধীন এই উপশাখাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহা. খালেদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। এই উপশাখা চালুর ফলে স্থানীয় কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীরা রেমিট্যান্সসহ আধুনিক সব ব্যাংকিং সুবিধা সহজে পাবেন, যা এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।
উদ্বোধনী দিনে ব্যাপক সাড়া ফেলেছে নতুন এই উপশাখাটি। প্রথম দিনেই এখানে ৭০ লাখ টাকা আমানত সংগৃহীত হয়েছে এবং ২২ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মেহেরপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক প্রহলাদ কুমার হোড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন এবং ব্যাংকের কুষ্টিয়া বিভাগের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ।
উপশাখাটির উদ্বোধন উপলক্ষে পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সাহারবাটি বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উপশাখার মাধ্যমে স্থানীয় পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তির হার আরও বৃদ্ধি পাবে।
দেশবার্তা/একে