দেশের কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সরকারের নিয়ন্ত্রণে আনা হবে।
বুধবার সিলেটে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বিভাগীয় কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
অনলাইন ক্লাস নিয়ে দেশজুড়ে চলা আলোচনা-সমালোচনার বিষয়ে ড. এহছানুল হক মিলন বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির কারণে আমাদের স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতি চালু রাখতে হচ্ছে। এটা নিয়ে সমালোচনা হচ্ছে জানি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে বসেছি। প্রায় ৭০০ থেকে ৮০০ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেছি। তাদের একজনও অনলাইন ক্লাস চায় না।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি নিজেও অনলাইন ক্লাস চাই না। কিন্তু বর্তমান পৃথিবী এটা চায়। বৈশ্বিক বাস্তবতার কারণেই আমাদের এই প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে।’
শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও শিক্ষক সংকট নিয়ে মন্ত্রী বলেন, দেশের স্কুল-কলেজগুলোকে সোলার এনার্জির (সৌরশক্তি) আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সিলেটের স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে