ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২০:৫৩
চলমান বার্তা:
মুরগির বাজারে স্বস্তি ফিরলেও সবজিতে হাঁসফাঁস সাধারণ মানুষের
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১৫:৩৯  (ভিজিটর : )

মুরগির দাম কিছুটা কমলেও রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে এখনো অস্থিরতা বিরাজ করছে। সরবরাহ সংকটের অজুহাতে প্রায় সব ধরনের সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। অধিকাংশ সবজির কেজি এখন ৮০ থেকে ১০০ টাকার উপরে। ফলে আগের তুলনায় দাম সামান্য কমলেও সাধারণ ক্রেতাদের মাঝে এখনো কাঙ্ক্ষিত স্বস্তি মেলেনি।

শুক্রবার সকালে রাজধানীর খিলক্ষেত, কারওয়ান বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, হাতেগোনা দুই-একটি সবজি বাদে বাকি সবকিছুর দামই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। বাজারে প্রতি কেজি পটল ৯০ থেকে ১০০ টাকা, ঝিঙা ও ধন্দুল ১০০ টাকা এবং চিচিঙ্গা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বরাবরের মতোই বাড়তি দামে বিক্রি হওয়া সবজির তালিকায় রয়েছে কাঁকরোল ও করলা। প্রতি কেজি কাঁকরোল ১৫০ থেকে ১৬০ টাকা এবং করলা ১৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বেগুনের দামও আকাশচুম্বী, মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকায়।

তবে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর দিচ্ছে টমেটো, ঢেঁড়স ও মূলা। বাজারে প্রতি কেজি টমেটো ও ঢেঁড়স ৬০ টাকায় এবং মূলা ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ৬০ থেকে ৭০ টাকা ও মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের কণ্ঠে ফুটে উঠেছে দুশ্চিন্তার ছাপ। খিলক্ষেত বাজারে আসা ইমরান মাহমুদ জানান, গত সপ্তাহের তুলনায় কিছু পণ্যের দাম কমলেও বাজারের মোট হিসাবে কোনো পরিবর্তন নেই। একটির দাম কমলে অন্যটির দাম বেড়ে যাচ্ছে। 

কারওয়ান বাজারের ক্রেতা সাইদুরের মতে, আগে যে টাকায় কয়েক দিনের সবজি কেনা যেত, এখন তা এক দিনেই শেষ হয়ে যাচ্ছে। বড় পরিবারের বাজার খরচ মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।

বিক্রেতারা দাম কমার বিষয়ে এখনো নিশ্চিত কোনো আশ্বাস দিতে পারছেন না। তাদের দাবি, বাজারে পণ্যের চাহিদা থাকলেও সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। সরবরাহ বাড়লে সামনে দাম কিছুটা স্থিতিশীল হতে পারে বলে মনে করছেন তারা। 

সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমি সবজির সরবরাহ পর্যাপ্ত হওয়া এবং পরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকার ওপরই নির্ভর করছে বাজারের ভবিষ্যৎ পরিস্থিতি।

সবজি বাজারে অস্থিরতা থাকলেও মুরগির বাজারে কিছুটা সুসংবাদ মিলেছে। কয়েক দিন আগে ৪৫০ টাকায় উঠে যাওয়া সোনালি মুরগি এখন বাজারভেদে ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামও স্থিতিশীল, কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ফার্মের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। তবে ঈদের আগে বেড়ে যাওয়া গরুর মাংসের দাম এখনো কমেনি। প্রতি কেজি মাংস কিনতে ক্রেতাদের গুণতে হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg