একাধিক বিয়ে ও পারিবারিক কলহের জেরে সাতক্ষীরার শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ বটি দিয়ে কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী নাজমা খাতুন।
সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্ত্রী নাজমা খাতুনকে (৩২) আটক করেছে।
আহত ইসমাইল গাজী বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল গাজী রাতে খাবার খেয়ে দ্বিতীয় স্ত্রী নাজমার সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে নাজমা খাতুন ধারালো বটি দিয়ে ইসমাইলের গোপনাঙ্গ ছেদ করে দেন। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অভিযুক্ত নাজমা খাতুন নিজেই স্বামীর কর্তনকৃত গোপনাঙ্গ হাতে নিয়ে জরুরি বিভাগে উপস্থিত হন। পরে স্থানীয়রা তাঁকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, ইসমাইল গাজীর গোপনাঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
ভুক্তভোগী নাজমা খাতুন ও স্থানীয়রা জানান, ইসমাইল গাজী একাধিক বিয়ে করেছেন। তাঁর বড় স্ত্রী সন্তানদের নিয়ে কৈখালী এলাকায় থাকতেন। কয়েক দিন আগে বড় স্ত্রী সিরাজপুরের বাড়িতে আসাকে কেন্দ্র করে ছোট স্ত্রী নাজমার সঙ্গে ইসমাইলের বিরোধ শুরু হয়। এ ছাড়া ইসমাইল প্রায়ই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য নাজমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এই ক্ষোভ থেকেই তিনি এমন চরম পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় নাজমা খাতুনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/একে