শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে কারাভোগরত অবস্থায় মৃত বাংলাদেশি যুবক শিপন হাওলাদারের (২৫) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার দুপুরে নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত শিপন হাওলাদার বরগুনা জেলা সদরের সবেজ হাওলাদারের ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, প্রায় ১৯ মাস আগে শিপন হাওলাদার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ওই সময় বিএসএফ তাঁকে আটক করে মেঘালয়ের তুরা জেলা পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে ভারতীয় আদালত তাঁকে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাদণ্ড দিয়ে তুরা জেলা কারাগারে পাঠান।
আগামী ২৮ এপ্রিল শিপনের কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত বৃহস্পতিবার তিনি কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার দুপুর ১টার দিকে বিএসএফ ও ভারতীয় পুলিশ শিপনের মরদেহ বিজিবি ও বাংলাদেশ পুলিশের কাছে বুঝিয়ে দেয়। এ সময় সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের দায়িত্বশীল কর্মকর্তারা এবং শিপনের শোকাতুর স্বজনরা উপস্থিত ছিলেন। মরদেহ গ্রহণের পর পুলিশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
প্রতিনিধি/একে