ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিল শোবিজ অঙ্গন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন দৌড়ে নাম লিখিয়েছিলেন জনপ্রিয় গায়িকা থেকে অভিনেত্রী- একাধিক তারকা মুখ।
কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। আলোচিত সেই তারকাদের মধ্যে রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীনের মতো হেভিওয়েট নামও জায়গা পাননি চূড়ান্ত তালিকায়।
সোমবার (২০ এপ্রিল) মনোনয়ন তালিকা প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। ‘তারকারা কি তবে রাজনীতিতে জায়গা হারাচ্ছেন?’- এমন প্রশ্নও উঠে আসে অনেকের মুখে। ঠিক এই মুহূর্তেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।
বুধবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল- এসব তারকাদের শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।
ন্যানসির এই স্পষ্ট ও সরাসরি অবস্থান মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তার মন্তব্যের ঘরে দেখা যায় সমর্থনের ঢল। কেউ লিখেছেন, এজন্যই আপনাকে এত পছন্দ প্রিয় শিল্পী। আবার কেউ বলেন, আপনার সঙ্গে আমিও একমত। যেন তার বক্তব্যে প্রতিফলিত হয়েছে সাধারণ মানুষের একাংশের অনুভূতি।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। মাত্র তিন দিনেই প্রায় ১,৩০০ প্রার্থী ফরম সংগ্রহ করেন। এই তালিকায় ছিলেন রিজিয়া পারভীন, দিলরুবা খান, রুকাইয়া জাহান চমকসহ আরও অনেক পরিচিত মুখ। তবে ২০ এপ্রিল ঘোষিত চূড়ান্ত তালিকা জানিয়ে দেয় ভিন্ন গল্প- এবারের মনোনয়নে জায়গা হয়নি কোনো তারকারই।
দেশবার্তা/একে