প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে সাতক্ষীরায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এবং জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার-এর নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে বাজার এলাকার বর্জ্য অপসারণ, পিলখানা সরিয়ে নেওয়া, প্রাণসায়ের খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং মাছ বাজারের ব্রিজ, পাকাপোল ব্রিজ, রাধানগর সড়ক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সড়ক ও থানা মসজিদ সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে সরেজমিনে পরিদর্শন করা হয়।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রাণসায়ের খালের পাড়ে কোনো ধরনের ময়লা-আবর্জনা বা অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ব্রিজের ওপর দোকানপাট ও রাস্তার দুই পাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো অবৈধ স্থাপনা বরদাশত করা হবে না। আগামী শনিবার আবারও পরিদর্শনে আসবেন বলে তিনি জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা শেখ কামরুল ইসলাম ফারুক এবং কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, পৌরসভার প্রধান নির্বাহী মো. আসাদুজ্জামান, নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী এম এম নূর আহম্মেদসহ প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা জেলা প্রশাসককে জানান, প্রাণসায়ের খালের ধারে পৌরসভার কসাইখানা (পিলখানা) স্থাপন করা হলে পুনরায় বর্জ্যের সমস্যা তৈরি হবে এবং খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। আদালতে বিষয়টি নিয়ে মামলা চলমান রয়েছে এবং স্থিতাবস্থার নির্দেশ থাকা সত্ত্বেও টেন্ডার আহ্বান করায় তারা উদ্বেগ প্রকাশ করেন। তারা খালের পাড়ে কোনো স্থাপনা না করার অনুরোধ জানান।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানালেও অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিনিধি/আরএইচ