অস্ত্র ও মাদক উদ্ধার, জুয়া ও অনলাইন জুয়াসহ ক্যাসিনোবিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৩ মে) দিবাগত রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ১৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রাজারহাটে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ ৩ জন, সদর থানায় ১৩০ গ্রাম হেরোইনসহ ৭ জন, ফুলবাড়ীতে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন, উলিপুরে ১২ পিস ইয়াবাসহ ১ জন, ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন, রাজিবপুরে ৩০ পিস ইয়াবাসহ ১ জন এবং রৌমারীতে ১৪ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া রাজারহাটে জুয়া খেলার সময় হাতেনাতে আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলায় মাদক ও জুয়া নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/আরএইচ