দেশের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষভাবে দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার (০৫ মে) তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধিদলের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে ডব্লিউএফপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিমোন লওসন পার্চমেন্টের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়।
এতে উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব প্রোগ্রাম মেরিব্যাথ ব্লাক, হেড অব সাপ্লাই চেইন ক্যাথরিন ক্লেয়ার, হেড অব স্কুল ফিডিং ইমা ক্লারা লেফু এবং সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মো. মহসিন।
বৈঠকে মূলত সরকারি উদ্যোগে পরিচালিত ‘মিড ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মানসম্পন্ন ও পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিত করার বিষয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন।
আলোচনা প্রসঙ্গে মাহদী আমিন স্মরণ করিয়ে দেন যে, শিশুদের জন্য এই কল্যাণকর কার্যক্রমের সূচনা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার প্রধান থাকাকালীন।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ বছর ধরে তাঁর নির্বাচনী ইশতেহার ও বিভিন্ন জনসভায় শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতির আলোকেই এখন এই কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৈঠকে ‘মিড ডে মিল’ কর্মসূচিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং কার্যকর করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। বিশেষ করে মাঠ পর্যায়ে মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করা এবং উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
শিশুদের ঝরে পড়া রোধ এবং বিদ্যালয়মুখী করতে এই কর্মসূচি বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মাহদী আমিন।
দেশবার্তা/একে