ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের সীমান্তবর্তী কামাল্লা গ্রাম থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনী মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন জানান, স্থানীয়দের কেউই মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। পুলিশের ধারণা, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে। মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে তার পরিচয় জানার চেষ্টা করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, ঘটনাস্থলটি ভারতীয় সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ দূরে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
তিনি আরও জানান, বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকেও অবহিত করা হয়েছে এবং মরদেহের ছবি পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে পিবিআই ঘটনাস্থলে যাচ্ছে। তাদের তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ ফুলগাজী থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।
প্রতিনিধি/আরএইচ