কিশোরগঞ্জে ১৩১ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ২১ লাখ ৩৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেছে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।
বৃহস্পতিবার সকালে জেলা শহরের গাইটাল এলাকায় ডিএসকে কিশোরগঞ্জ-১ আঞ্চলিক অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ডিএসকে কিশোরগঞ্জ পশ্চিম জোনের ৩৩ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে ৫ লাখ ২৮ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামছুন নাহার মাকছুদা।
ডিএসকে কিশোরগঞ্জ পশ্চিম জোনের সহকারী পরিচালক আশরাফুল আলম সোহেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব-এর সভাপতি আশরাফুল ইসলাম।
ডিএসকে কিশোরগঞ্জ-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফরিদ উদ্দীন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিএসকে কিশোরগঞ্জ-৮ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ সদর শাখার ব্যবস্থাপক জয়ন্ত সূত্রধর, যশোদল শাখার ব্যবস্থাপক নিরাঞ্জন সরকার, নীলগঞ্জ শাখার ব্যবস্থাপক আরিফুল আলম খান, নগুয়া শাখার ব্যবস্থাপক নূরুজ্জামান সরকার এবং গাইটাল শাখার ব্যবস্থাপক ইকবাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৩ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তির চেক বিতরণ করা হয়। এর মধ্যে এসএসসি উত্তীর্ণ ২২ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে এবং এইচএসসি উত্তীর্ণ ১১ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে দেওয়া হয়।
এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ডিএসকে প্রতি বছর সংস্থার উপকারভোগী সদস্যদের সন্তান ছাড়াও হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় চলতি বছর কিশোরগঞ্জ জেলার ১৩১ জন শিক্ষার্থীর মাঝে মোট ২১ লাখ ৩৬ হাজার টাকা এবং সারাদেশে মোট এক কোটি ১০ লাখ ২৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
প্রতিনিধি/আরএইচ