বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজারে ১ জুন সোমবার রাত সাড়ে ৯টার দিকে দিঘির প্রধান ঘাট থেকে ৭ বছরের শিশু ফাতেমাকে কুমিরে ধরে নিয়ে গেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, ফাতেমা ঘাটে হাত-পা ধোয়ার জন্য নেমেছিল; এই সময় কুমির ফাতেমাকে আক্রমণ করে।
এ ঘটনার পর ঘাটে হাজার হাজার উৎসুক জনতা মুহূর্তের মধ্যে উপস্থিত হয়। ফাতেমার পারিবারিক পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, “একটি শিশুকে কুমিরে ধরে নিয়ে গেছে, আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করছে।”
সংবাদ পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন। প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকারী দল শিশুটির অবস্থান নিশ্চিত করতে পারেনি।