হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। শুটিং চলাকালে গলায় তীব্র সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হলে তার গলায় একটি সিস্ট ধরা পড়ে। বর্তমানে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অমি নিজেই তার এই অসুস্থতার খবর জানান।
তিনি উল্লেখ করেন, বেশ কয়েকদিন ধরেই দাঁতের সমস্যায় ভুগছিলেন তিনি। সেই সমস্যার চিকিৎসা চললেও পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।
পোস্টে নির্মাতা জানান, শুটিং চলাকালে হঠাৎ করেই তিনি গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন। কিছু সময়ের মধ্যেই তার কণ্ঠস্বর একদম ক্ষীণ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে কথা বলতে চরম অসুবিধা শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত শুটিং বন্ধ করে তিনি হাসপাতালে যান। সেখানে চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার গলায় একটি সিস্ট শনাক্ত করেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী সাত দিন এই নির্মাতাকে পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো, এই সময়ের মধ্যে তাকে কোনো ধরনের কথা বলা থেকে একদম বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত এই সময়ের মধ্যে গলার অবস্থার আশানুরূপ উন্নতি না হলে পরবর্তীতে অস্ত্রোপচারের (সার্জারি) প্রয়োজন হতে পারে বলেও চিকিৎসকেরা জানিয়েছেন।
ফেসবুক পোস্টে অমি আরও বলেন, পরিস্থিতিটি তার জন্য বেশ কষ্টদায়ক। কারণ তিনি নিয়মিত কাজ চালিয়ে যেতে চান এবং দ্রুত সুস্থ হয়ে দর্শকদের জন্য ব্যাচেলর পয়েন্টের নতুন পর্ব নিয়ে ফিরতে চান। একই সঙ্গে দ্রুত আরোগ্যের জন্য ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চেয়েছেন এই নির্মাতা।
দেশবার্তা/একে