ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১৩ জুলাই ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ১২ জুলাই, ২০২৬, ২১:০৪
চলমান বার্তা:
ফ্রান্সের রাষ্ট্রদূত ও মাহদী আমিনের বৈঠক, ফরাসি ভাষা শিক্ষার বিষয়ে আলোচনা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১৪:২৪ আপডেট: ১১.০৬.২০২৬ ১৫:৪৬  (ভিজিটর : )

বাংলাদেশে তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে উভয় পক্ষ শিক্ষা, বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর উদ্যোগে শিক্ষাব্যবস্থায় তৃতীয় ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করার বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। এ সময় ফরাসি ভাষাকে তৃতীয় ভাষা শিক্ষার অন্যতম বিকল্প হিসেবে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে কথা বলেন তারা। 

মাহদী আমিন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ফরাসি ভাষা শিক্ষা সম্প্রসারণ এবং এ খাতে ফ্রান্সের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেন।

আলোচনায় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টিও গুরুত্ব পায়। 

মাহদী আমিন বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব বাজেট ও ব্যবসাবান্ধব নীতিমালার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ফ্রান্সের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের সুযোগ গ্রহণের আহ্বান জানান।

এছাড়া উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন, বিশ্ববিদ্যালয়-টু-বিশ্ববিদ্যালয় সংযোগ সম্প্রসারণ, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্সে বৃত্তির সুযোগ বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

উভয় পক্ষই বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দেশটির রিজিওনাল ইকোনমিক ডিপার্টমেন্টের প্রধান ফ্লোরেন্ট ম্যানগিন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।