প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং এর সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন। বিশেষ করে বিআরটি-এর নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ ও পরামর্শ সরকারের কাছে হস্তান্তর করেন।
সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এবং সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক।
এছাড়া দেশের যোগাযোগ খাতের বিশেষজ্ঞরা এই বৈঠকে অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান।
সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে