ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১৩ জুলাই ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ১২ জুলাই, ২০২৬, ২১:০৪
চলমান বার্তা:
আপন আলোয় আলোকিত দেবী চৌধুরানী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়
রংপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১৫:০৫  (ভিজিটর : )

প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রংপুরের পীরগাছা উপজেলার দেবী চৌধুরানী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়। স্নেহময় পরিবেশ ও বিশেষায়িত শিক্ষাব্যবস্থার মাধ্যমে বিদ্যালয়টি ইতোমধ্যে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে।

বৃহস্পতিবার দুপুরে পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা যায়, রংপুর-চৌধুরানী সড়কের বকসির দিঘির পূর্ব পাশে মনোরম পরিবেশে বিদ্যালয়টির অবস্থান।

২২ শতক জমির ওপর ২০১৬ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বর্তমানে ১৫৮ জন প্রতিবন্ধী শিশুকে শিক্ষা প্রদান করছে। সুন্দর ও দৃষ্টিনন্দন পরিবেশে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি প্রতিবন্ধী শিশুদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের কাছেও প্রশংসিত। প্রতিদিন অভিভাবকেরা আনন্দের সঙ্গে সন্তানদের বিদ্যালয়ে নিয়ে আসেন। শিক্ষকদের স্নেহময় ও বন্ধুসুলভ আচরণে শিক্ষার্থীরাও আনন্দের সঙ্গে পাঠগ্রহণ করছে।

বিদ্যালয়ের পাঠদান, রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় শিক্ষক-কর্মচারীসহ মোট ২৩ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য ও ইতিবাচক আচরণ স্থানীয়দের মুগ্ধ করছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সাইদা বেগম জানান, তাঁর স্বামী মরহুম মতিয়ার রহমান বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তিনি বলেন, ‘এখনও বিদ্যালয়টি উল্লেখযোগ্য কোনো সরকারি সুযোগ-সুবিধা পায়নি। দ্রুত এমপিওভুক্ত করা হলে প্রতিষ্ঠানটি আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে এবং পীরগাছা উপজেলার অন্যতম সেরা বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।’

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহ্ শাহেদ ফারুক বলেন, অবকাঠামোগতভাবে বিদ্যালয়টি অনেক এগিয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীরা পাঠদান ও পাঠগ্রহণে আন্তরিক। তাই প্রতিষ্ঠানটিকে দ্রুত এমপিওভুক্ত করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।