২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান রানার্সআপ ফ্রান্স। প্রথমার্ধে এমবাপ্পেরপেনাল্টি মিসের হতাশা কাটিয়ে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় ফরাসিরা।
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণের গতিশীল ফুটবল খেলতে থাকে। তবে ম্যাচের প্রথমার্ধে সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিল ফ্রান্স। মরক্কোর ডি-বক্সের ভেতর ফাউলের কারণে পেনাল্টি পায় ফরাসিরা। কিন্তু দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের নেওয়া পেনাল্টি কিকটি লক্ষ্যভ্রষ্ট হলে প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।
দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ভিন্ন রূপ নিয়ে মাঠে নামে ফ্রান্স। ম্যাচের ৬০ মিনিটে বাঁকানো শটে মরক্কোর রক্ষণভাগ ভেঙে প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। এই গোলের রেশ কাটতে না কাটতেই ম্যাচের ৬৬ মিনিটে ওসমানে দেম্বেলে নিচু শটে মরক্কোর জাল কাঁপিয়ে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)।
শেষদিকে মরক্কো ব্যবধান কমানোর কিছু চেষ্টা করলেও ফ্রান্সের শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ে দেশমের শিষ্যরা। এই জয়ের মাধ্যমে সেমিফাইনালে পা রাখল ফ্রান্স, যেখানে তারা স্পেন অথবা বেলজিয়ামের মুখোমুখি হবে।
দেশবার্তা/এসবি