ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১৩ জুলাই ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ১২ জুলাই, ২০২৬, ২১:০৪
চলমান বার্তা:
মেধার শীর্ষে ৪৩ হাজার ছাত্রী
৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১৫:৪৯ আপডেট: ১২.০৭.২০২৬ ১৮:৫৪  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এবারের বৃত্তির ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪.৭১ শতাংশ)।

রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, স্বীকৃতি প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করে জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এই পরীক্ষা নেওয়া হয়। ২০২৬ সালের এপ্রিল মাসে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছিল।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬ অনুযায়ী, এবার দেশব্যাপী মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি ৩৩ হাজার এবং সাধারণ বৃত্তি ৪৯ হাজার ৫০০টি। ট্যালেন্টপুল বৃত্তির ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়। অন্যদিকে, সাধারণ বৃত্তির মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৩৯ হাজার ৬০০টি বৃত্তি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক পাঁচটি করে বরাদ্দ রাখা হয়। এ ছাড়া বেসরকারি বিদ্যালয়ের জন্য উপজেলাভিত্তিক ২০ শতাংশ সাধারণ বৃত্তি সংরক্ষণ করা হয়।

বৃত্তিপ্রাপ্তদের পরিসংখ্যান

ঘোষিত ফলাফল অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ৩২ হাজার ৯৬৫ জনের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছে ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬ হাজার ৫৯০ জন। অন্যদিকে সাধারণ বৃত্তি পাওয়া ৪৬ হাজার ২৮১ জনের মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯ হাজার ৮৬১ জন শিক্ষার্থী রয়েছে।

পরীক্ষার্থীর তথ্য

এবারের বৃত্তি পরীক্ষায় সারা দেশের মোট ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় অংশগ্রহণ করে, যার মধ্যে সরকারি বিদ্যালয় ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি। মোট নিবন্ধিত ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ২ লাখ ৫৬ হাজার ১১৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৮৮ হাজার ৯২৪ জন।

নিবন্ধিত পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন, যা মোট পরীক্ষার্থীর ৬৫.১১ শতাংশ। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩ লাখ ৪৪ হাজার ১২৭ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৭৫ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১ লাখ ৬৬ হাজার ৬৪১ জন এবং ছাত্রী ২ লাখ ৫৩ হাজার ৩৪১ জন।

ফল আপলোড শুরু, জানা যাবে ২-৩ ঘণ্টার মধ্যে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুরে অধিদপ্তরে এরই মধ্যে বৃত্তির ফল ওয়েবসাইটে আপলোড করার কাজ শুরু হয়েছে। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে পুরো ফল আপলোড সম্পন্ন হবে এবং শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।