ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৯ জুলাই ২০২৬ | ৪ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২১:২১
চলমান বার্তা:
মেসির শেষ বিশ্বকাপ? স্কালোনি বললেন, আমি কীভাবে জানব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১৬:০০ আপডেট: ১৮.০৭.২০২৬ ১৬:০৪  (ভিজিটর : )

বিশ্বকাপের মঞ্চেই বয়স পেরিয়েছে ৩৯। ঘরের মাঠে পরবর্তী বৈশ্বিক আসর যখন বসবে, তখন তাঁর বয়স ছুঁয়ে ফেলবে ৪৩। স্বাভাবিকভাবেই এই বয়সে ফুটবল মাঠে নামার কথা কেউ কল্পনাও করবে না। তবে নামটা যখন লিওনেল মেসি, তখন ফুটবল দুনিয়ায় কোনো সম্ভাবনাই ওড়ানো যায় না।

স্বাভাবিকভাবেই আরেকটি ফাইনালের ঠিক আগে ফুটবল বিশ্বে জোর আলোচনা-২০৩০ সালের বিশ্বকাপেও কি আলবিসেলেস্তে জার্সিতে দেখা যাবে মেসিকে? আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি অবশ্য এর কোনো স্পষ্ট উত্তর দেননি। তবে আরও একবার নিজের প্রিয় শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি।

২০১৮ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায়ের পর অনেকেই ৩১ বছর বয়সী মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। তবে মেসি সেখানে থামেননি। ২০২২ সালে ৩৫ বছর বয়সে কাতার বিশ্বকাপে নিজে টুর্নামেন্ট সেরা হয়ে দলকে এনে দেন বহুল কাঙ্ক্ষিত সোনালি ট্রফি।

সেখানেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে পারতেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। কিন্তু নিজেকে নতুন করে প্রস্তুত করেন ২০২৬ বিশ্বকাপের জন্য। আর চলতি আসরেও তিনি মাঠে দেখাচ্ছেন সেই চেনা জাদু।

আর্জেন্টিনাকে ফাইনালে তোলার মূল কারিগর ৩৯ বছর বয়সী এই মহাতারকা। সেমিফাইনাল পর্যন্ত ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুট ও গোল্ডেন বলের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন তিনি। ৩৯ বছর বয়সেও মেসির এমন ফর্ম দেখে অনেকেই ভাবছেন, ২০৩০ বিশ্বকাপেও অনায়াসে খেলতে পারেন তিনি। 

আবার অনেকের ধারণা, নিউ জার্সি স্টেডিয়ামে এবারের ফাইনাল খেলেই আন্তর্জাতিক মঞ্চকে বিদায় জানাবেন তিনি।

তবে বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। ফাইনালের আগের সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনিও মেসির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন। 

তিনি বলেন, ‘এটা কি মেসির শেষ বিশ্বকাপ? আমি কীভাবে জানব! আমার কোনো ধারণা নেই। আমরা এটা নিয়ে কোনো কথা বলিনি। সে আমাদের অবাক করা কখনোই থামায় না। ৩৯ বছর বয়সে এসে এভাবে দলকে ফাইনালে তোলা সত্যিই অবিশ্বাস্য।’

নিউ জার্সি স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি জেতার জন্যই মাঠে নামবে আলবিসেলেস্তেরা। 

তবে স্কালোনির মতে, ম্যাচের ফল যা-ই হোক না কেন, মেসির মহিমাকে তা বিন্দুমাত্র ম্লান করতে পারবে না।

আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমাদের তাঁর কাজের মূল্যায়ন করতে হবে- সে এমন কিছু করে দেখিয়েছে, যা কয়েক বছর আগে সম্ভব বলে কেউ ভাবতেই পারেনি। এই বয়সে এসে এমন স্তরে প্রতিদ্বন্দ্বিতা করা সহজ নয়। আশা করি আমরাই জিতব, আর যদি নাও জিতি, তবুও সে সবার জন্য অনন্য এক উদাহরণ হয়ে থাকবে।’

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।