ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৯ জুলাই ২০২৬ | ৪ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২০:১৮
চলমান বার্তা:
ভাঙল কাতারের রেকর্ড: কোন দল কত প্রাইজমানি পাচ্ছে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১৫:৫১ আপডেট: ১৯.০৭.২০২৬ ১৫:৪৮  (ভিজিটর : )

খেলা শুরুর আগেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো দাবি করেছিলেন, ৯৬ বছরের ইতিহাসে এবারের বিশ্বকাপটি হতে যাচ্ছে ফুটবল মহাযজ্ঞের সবচেয়ে বড় ও জমকালো আসর। মাঠের লড়াইয়ে সেই দাবির শতভাগ প্রতিফলন দেখা গেছে। আগের যেকোনো আসরের তুলনায় দল ও ম্যাচের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি গোল উৎসব আর আয়োজক শহরের তালিকাতেও ভেঙেছে অতীতের সব রেকর্ড।

বিশ্বকাপের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কোষাগারও ভরে উঠেছে। আগামী রবিবারের মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে এই ফুটবল মহোৎসবের। আর এর আগেই জানা গেছে, এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলোর জন্য ইতিহাসের রেকর্ড পরিমাণ প্রাইজমানি বরাদ্দ করেছে ফিফা। ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ এই প্রাইজমানির খুঁটিনাটি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বরেই ফিফা এবারের আসরের জন্য রেকর্ড ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার কোটি টাকার বেশি) প্রাইজ ফান্ড ঘোষণা করে। এই অঙ্ক ২০২২ সালের কাতার বিশ্বকাপের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি।

ফাইনালে টাকার ছড়াছড়ি

রবিবারের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। এই মেগা ফাইনালের জয়ী দল তথা বিশ্বচ্যাম্পিয়নরা প্রাইজমানি হিসেবে ঘরে তুলবে ৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬১৬ কোটি টাকারও বেশি। আর রানার্স-আপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৬ কোটি টাকা)।

কাতারে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় এবার চ্যাম্পিয়নদের প্রাইজমানি বাড়ছে ৮০ লাখ ডলার। রানার্স-আপ দলের অর্থও গতবারের চেয়ে ৩০ লাখ ডলার বেড়েছে।

বাকি দলগুলোর প্রাপ্তি

ফাইনালের মহারণের আগে আজ শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে ফ্রান্স ও ইংল্যান্ড। এই ম্যাচে জয়ী দল (তৃতীয় স্থান) পাবে ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা) এবং পরাজিত দল (চতুর্থ স্থান) পাবে ২ কোটি ৭০ লাখ ডলার (৩৩৩ কোটি টাকা)।

এ ছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দল—মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রত্যেকে পাচ্ছে ১ কোটি ৯০ লাখ ডলার করে। শেষ ১৬ থেকে বাদ পড়া ৮টি দলের প্রত্যেকে পাবে ১ কোটি ৫০ লাখ ডলার। রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার করে।

এমনকি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও থাকছে সান্ত্বনা পুরস্কার। অংশগ্রহণকারী ৪৮টি দলের প্রত্যেকের জন্য অন্তত ১ কোটি ৫ লাখ ডলার নিশ্চিত ছিল। এর মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পাচ্ছে ৯০ লাখ ডলার এবং প্রস্তুতি খরচ বাবদ দেওয়া হচ্ছে আরও ১৫ লাখ ডলার।

অর্থ কীভাবে বণ্টন হয়?

ফিফা এই প্রাইজমানির পুরো অর্থ সরাসরি সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করে। এরপর ফেডারেশনগুলো ঠিক করে এর কত অংশ ফুটবলার ও কোচিং স্টাফদের বোনাস হিসেবে দেওয়া হবে। সাধারণত অর্থের বড় একটি অংশ দেশের তৃণমূল ফুটবলের উন্নয়ন ও অবকাঠামো খাতে ব্যয় করা হয়।

ফিফা মূলত অলাভজনক সংস্থা হলেও, ৪৮ দলের এই বিশাল আসর থেকে তাদের রেকর্ড ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলারেরও বেশি রাজস্ব আয়ের লক্ষ্য ছিল। সেই হিসেবে মোট আয়ের মাত্র ৬.৫ শতাংশ অর্থ প্রাইজমানি হিসেবে দলগুলোকে দেওয়া হচ্ছে। এই আয়ের ওপর ভর করে ফিফার চার বছরের চক্রের (সাইকেল) মোট রাজস্ব দাঁড়াবে রেকর্ড ১ হাজার ৩০০ কোটি (১৩ বিলিয়ন) ডলারে, যা গত সাইকেলের (৭.৬ বিলিয়ন ডলার) চেয়ে অনেক বেশি।

৪৪ বছরে বদলে যাওয়া ইতিহাস

ফিফা প্রথম জনসমক্ষে প্রাইজমানির হিসাব প্রকাশ শুরু করে ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে। সেবার বিশ্বচ্যাম্পিয়ন ইতালি পুরস্কার হিসেবে পেয়েছিল মাত্র ২২ লাখ ডলার, আর পুরো টুর্নামেন্টের মোট বাজেটই ছিল ২ কোটি ডলার। ৪৪ বছর পর এসে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। এবারের চ্যাম্পিয়নরা ১৯৮২ সালের ইতালির চেয়ে প্রায় ২০ গুণেরও বেশি টাকা পাচ্ছে।

পদক ও ব্যক্তিগত স্বীকৃতি

রবিবারের ফাইনাল শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের গলায় উঠবে ঐতিহাসিক সোনার মেডেল। একইভাবে রানার্স-আপ দল পাবে রুপার মেডেল এবং তৃতীয় স্থান জয়ী দল পাবে ব্রোঞ্জের মেডেল। ম্যাচ অফিসিয়ালদেরও (রেফারি ও সহকারী রেফারি) ফাইনাল শেষে মেডেল দেওয়া হবে।

দলগত ট্রফি ও মেডেলের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যের জন্য দেওয়া হবে গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস ও গোল্ডেন বুট। এবার গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম কিংবা হ্যারি কেইনদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। তবে ব্যক্তিগত এই ট্রফিগুলোর সঙ্গে ফিফার পক্ষ থেকে কোনো বাড়তি অর্থ বা প্রাইজমানি দেওয়া হয় না।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।