ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৯ জুলাই ২০২৬ | ৪ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২১:২১
চলমান বার্তা:
স্কালোনির স্প্যানিশ পরিবার আসলে কার সমর্থক?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১৭:৫৯  (ভিজিটর : )

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের ট্রফিটা কার হাতে উঠছে—স্পেন নাকি আর্জেন্টিনা? আগামী ২০ জুন বাংলাদেশ সময় রাত একটায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ফাইনাল ঘিরে ফুটবল রোমাঞ্চ এখন তুঙ্গে। তবে এই মেগা ফাইনালের আগে মাঠের বাইরের এক মনস্তাত্ত্বিক লড়াইয়ে পড়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির পরিবার।

পারিবারিক আবহের দিক থেকে স্কালোনির ঘরোয়া পরিবেশটা স্প্যানিশ ঘরানার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ফাইনালে কার দিকে থাকবে স্কালোনির স্ত্রী ও সন্তানদের সমর্থন? নিজের জন্মভূমি নাকি ঘরের মানুষের প্রিয় আর্জেন্টিনা?

মহারণের আগে সংবাদ সম্মেলনে এই কৌতূহল দূর করেছেন স্কালোনি নিজেই। হাসিমুখেই আলবিসেলেস্তে কোচ জানিয়ে দিলেন, ঘরের ভেতর কোনো বিভক্তি নেই।

স্কালোনি বলেন, ‘কোনো সন্দেহ ছাড়াই আমার স্ত্রী ও সন্তানরা আর্জেন্টিনাকেই সমর্থন করবে। আমার স্ত্রী স্পেনের নাগরিক হলেও তিনি খুব ভালো করেই জানেন আমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং কতটা চাপের মুখোমুখি হচ্ছি। আর আমার ছেলেরা তো এই অনুভূতিটা আরও গভীরভাবে বোঝে।’

২০০৮ সালে ইতালিয়ান ক্লাব লাৎসিও থেকে ধারে স্পেনের মায়োর্কায় খেলতে এসেছিলেন স্কালোনি। সেখানেই এলিসা মনতেরোর সঙ্গে পরিচয় এবং পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া। এই দম্পতির দুই ছেলে—ইয়ানের জন্ম ২০১২ সালে আর নোয়া এসেছে ২০১৬ সালে। মা ও দুই সন্তানের জন্ম ও বেড়ে ওঠা স্পেনে হলেও ফুটবলীয় আবেগে তারা পুরোপুরি আর্জেন্টাইন।

বাবার স্বপ্ন আর পেশাদারিত্বের প্রতি পরিবারের এই ভালোবাসা অবশ্য নতুন নয়। ২০২২ কাতার বিশ্বকাপ কিংবা ২০২৪-এর কোপা আমেরিকা—সবখানেই আকাশি-সাদা জার্সি গায়ে চ্যাম্পিয়ন ট্রফি উদযাপনে স্কালোনির পাশে দেখা গেছে তার সন্তানদের।

স্পেনকে হারাতে পারলে কোচ হিসেবে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের অনন্য এক কীর্তি গড়বেন স্কালোনি। তবে নিজের ঘরের ভোট পেলেও মায়োর্কায় থাকা শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়ে কিছুটা সংশয়ে আছেন তিনি।

স্কালোনি বলেন, ‘মায়োর্কায় আমাদের বাকি আত্মীয়রা নিশ্চিতভাবেই দুই ভাগে ভাগ হয়ে থাকবে। তাদের জন্য পরিস্থিতিটা একটু জটিল, আমি সেটা বুঝি। তবে ম্যাচ শেষে যে দলই জিতুক, তারা শেষ পর্যন্ত খুশিই হবে।’

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।