ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৯ জুলাই ২০২৬ | ৪ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২১:২১
চলমান বার্তা:
১৪ ম্যাচে দুই পরাশক্তির ৬-৬ সমীকরণ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১৭:৩৪  (ভিজিটর : )

আন্তর্জাতিক ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন যখনই সবুজ মাঠে মুখোমুখি হয়েছে, তখনই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা উপভোগ করেছেন নান্দনিক ও শ্বাসরুদ্ধকর লড়াই। ফুটবলের দীর্ঘ ইতিহাসে এই দুই দলের দ্বৈরথ এখন পর্যন্ত একদম সমানে সমান। দুদেশের মধ্যকার মোট ১৪টি লড়াইয়ের পরিসংখ্যানে কেউই কাউকে ছাড় দেয়নি। 

আলবিসেলেস্তেরা যেমন জিতেছে ৬টি ম্যাচে, ঠিক তেমনি ৬টি ম্যাচে শেষ হাসি হেসেছে লা রোহারাও। বাকি দুটি ম্যাচ অমীমাংসিত বা ড্র হয়েছে।

দুই দলের ফুটবলীয় লড়াইয়ের সূচনা হয়েছিল প্রায় সাত দশক আগে। ১৯৫২ সালের ৭ ডিসেম্বর স্পেনের মাটিতে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচেই বাজিমাত করেছিল আর্জেন্টিনা, জিতেছিল ১-০ ব্যবধানে। এর পরের বছর ঘরের মাঠ বুয়েনস আইরেসে ফিরতি ম্যাচেও একই ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা। ১৯৬০ সালের দেখায় আবারও জয়োৎসব করে আর্জেন্টাইনরা। অন্যদিকে স্প্যানিশরা প্রথম জয়ের স্বাদ পায় ১৯৬১ সালের জুনে, যেখানে তারা আর্জেন্টিনাকে ২-০ গোলে পরাজিত করে।

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এই দুই দল মাত্র একবারই একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছে। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে গ্রুপ পর্বের সেই হাইভোল্টেজ ম্যাচে ভিলা পার্কে স্পেনকে ২-১ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিপক্ষে জয়ের শতভাগ রেকর্ড আজও অক্ষুণ্ন রেখেছে লাতিন আমেরিকার দলটি।

দুই দলের মুখোমুখি হওয়া ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিই ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রীতি ম্যাচের এই হিসেবে অবশ্য কিছুটা এগিয়ে স্পেন। তারা জিতেছে ৬টি ম্যাচে, আর আর্জেন্টিনার জয় ৫টিতে।

বিংশ শতাব্দীর পর দুই দলের শেষ দুটি লড়াই ফুটবলপ্রেমীদের মনে আজীবন দাগ কেটে থাকবে। ২০১০ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বুয়েনস আইরেসে পা রাখা স্পেনকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। 

তবে এর আট বছর পর, ২০১৮ সালের মার্চে মাদ্রিদে তার চড়া মূল্য চোকাতে হয় আলবিসেলেস্তেদের। লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনাকে ৬-১ গোলের লজ্জাজনক ব্যবধানে বিধ্বস্ত করে স্প্যানিশরা, যেখানে স্পেনের হয়ে হ্যাটট্রিক করেছিলেন মিডফিল্ডার ইসকো।

দুই পরাশক্তির এই সমানে সমান লড়াই ভবিষ্যৎ দ্বৈরথগুলোকে ফুটবল ভক্তদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে, তা বলার অপেক্ষা রাখে না।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।