ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২২ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২০:১৩
চলমান বার্তা:
টানা চতুর্থবার ‘সেরা ইএসজি ব্যাংক’ স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১৭:৪৪  (ভিজিটর : )

মর্যাদাপূর্ণ ‘ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬’-এ টানা চতুর্থবারের মতো ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) নীতিমালাকে ব্যাংকের মূল কৌশল, পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা ও অর্থায়ন সিদ্ধান্তে সফলভাবে অন্তর্ভুক্ত করার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এই আন্তর্জাতিক সম্মাননা দেওয়া হয়েছে।

ব্যাংকিং ও আর্থিক খাতে ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স আন্তর্জাতিকভাবে অন্যতম মর্যাদাপূর্ণ পদক হিসেবে বিবেচিত। টেকসই অর্থায়ন, দায়িত্বশীল সুশাসন, সামাজিক প্রভাব তৈরি এবং ব্যবসায়িক কার্যক্রমে ইএসজি নীতিমালার কার্যকর বাস্তবায়নে অসাধারণ নেতৃত্ব দেওয়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই পুরস্কার দেওয়া হয়।

প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্জন ব্যাংকের ইএসজি সুশাসনকে আরও শক্তিশালী করা, সবুজ ও টেকসই অর্থায়ন সম্প্রসারণ এবং বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল অর্থনীতিতে রূপান্তরের যাত্রাকে ত্বরান্বিত করবে। আন্তর্জাতিক মানদণ্ড এবং জাতীয় টেকসই উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকটি স্বচ্ছ নীতিমালা, জবাবদিহিমূলক কাঠামো এবং দায়িত্বশীল ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

টেকসই অর্থায়নের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন সবুজ প্রকল্পে বিনিয়োগ অব্যাহত রেখেছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই), নারী উদ্যোক্তা, কৃষি খাত এবং আর্থিক সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য ঋণ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতেও ভূমিকা রাখছে।

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান বলেন, ‘টানা চতুর্থবারের মতো ইউরোমানির এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এটি টেকসই অর্থায়ন, শক্তিশালী সুশাসন এবং দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি আমাদের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন। ইএসজি আমাদের ব্যবসা পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি মান সৃষ্টির প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তিনি আরও বলেন, ‘এই অর্জন আমাদের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও অংশীদারদের আস্থা, সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা দায়িত্বশীল প্রবৃদ্ধিতে অর্থায়নের মাধ্যমে একটি সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে আমাদের কাজ অব্যাহত রাখব।’

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।