দেশের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সেবাপ্রাপ্তি আরও সহজ ও সম্প্রসারিত করতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।
‘ক্রেডিট এনহান্সমেন্ট স্কিম’ (সিইএস) কর্মসূচির আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই কৌশলগত ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষরিত হয়।
উল্লেখ্য, বিগত ২০২৫-২০২৬ অর্থবছর জুড়েও এই একই কর্মসূচির অধীনে সফলভাবে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ করেছিল ট্রাস্ট ব্যাংক।
পিকেএসএফ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) আখলাকুর রহমান ভূঁইয়া এবং পিকেএসএফ-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নামে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো প্রথাগত ব্যাংকিং সুবিধার বাইরে থাকা প্রান্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের আনুষ্ঠানিক আর্থিক কাঠামোর আওতায় নিয়ে আসা, যা টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে প্রান্তিক পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হবে এবং স্থানীয় উদ্যোক্তারা সহজ শর্তে মূলধন সংগ্রহের সুযোগ পাবেন।
দেশবার্তা/একে