ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২২ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২০:১৩
চলমান বার্তা:
৭ লাখ ১০ হাজার কৃষকের ঋণ মওকুফ করল কৃষি ব্যাংক
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১৭:৫১  (ভিজিটর : )

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণের বোঝা লাঘব করতে অনূর্ধ্ব ১০ হাজার টাকার ঋণ মওকুফ কার্যক্রম বাস্তবায়ন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)। সরকারের নির্বাচনভিত্তিক কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে পরিচালিত এই কর্মসূচির আওতায় ব্যাংকের ৭ লাখ ৯ হাজার ৬৭ ৯ জন কৃষকের আসল ও সুদ বাবদ মোট ৬০৪ কোটি ৮১ লাখ টাকা মওকুফ করা হয়েছে।

উল্লেখ্য, সরকার কর্তৃক সারাদেশে মওকুফ করা মোট কৃষিঋণের প্রায় ৩৯ শতাংশই এককভাবে বাস্তবায়ন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।

জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বাজার মন্দার মতো নানা সংকটে পড়ে দীর্ঘদিন ধরে অনেক ক্ষুদ্র কৃষক এই ঋণ পরিশোধ করতে পারছিলেন না। ফলে তারা নতুন করে ঋণ পাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছিলেন। বিষয়টিকে বিবেচনায় নিয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের আসল ও সুদ সম্পূর্ণ মাফ করার সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী সারাদেশে তথ্য যাচাই ও হিসাব সমন্বয় করে এই বিশাল সংখ্যক কৃষককে দায়মুক্ত করা হলো।

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ব্যাংকিং সুবিধার আওতায় এনে নতুন করে চাষাবাদে উদ্যমী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে।

প্রসঙ্গত, কৃষিভিত্তিক বাংলাদেশের মোট বিতরণকৃত কৃষিঋণের প্রায় ৬৩ শতাংশই এককভাবে বিতরণ করে আসছে বাংলাদেশ কৃষি ব্যাংক।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এ প্রক্রিয়ার মাধ্যমে বিপুলসংখ্যক প্রান্তিক কৃষক ঋণের বোঝা থেকে মুক্ত হলেন, যা তাদের পুনরায় ব্যাংকিং সেবার আওতায় এসে ভবিষ্যতে নতুন ঋণ গ্রহণের পথ সুগম করল। মওকুফ কার্যক্রমটি দ্রুত ও সফলভাবে সম্পন্ন করতে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শুরু করে শাখা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করেছেন। 

ভবিষ্যতেও কৃষকদের কল্যাণে সরকার গৃহীত সব ধরনের কর্মসূচিতে ব্যাংকটি অগ্রণী ভূমিকা রাখবে বলে জানানো হয়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।