ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৫ জুলাই ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ০:৩৯
চলমান বার্তা:
রাজকীয় বিদায়ের আয়োজনে আর্জেন্টিনা
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১৭:৪৬ আপডেট: ২৪.০৭.২০২৬ ১৭:৪৮  (ভিজিটর : )

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকেই ফুটবল বিশ্বে ঘুরপাক খাচ্ছিল একটিই প্রশ্ন- লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় কী হতে যাচ্ছে? তিনি কি খেলা চালিয়ে যাবেন, নাকি আলবিসেলেস্তেদের জার্সি চিরতরে তুলে রাখবেন? ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা এতদিন ভবিষ্যৎ নিয়ে মুখ না খুললেও, এবার বিষয়টি স্পষ্ট হতে শুরু করেছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন লিওনেল মেসি।

কাতারভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম ‘বেইন স্পোর্টস’ এবং আর্জেন্টিনার স্থানীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। তবে এখনই বুট জোড়া তুলে রাখছেন না আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। জাতীয় দলের স্কোয়াডে যেন একটি ‘মসৃণ রূপান্তর’ ঘটে, সেজন্য আগামী আরও কয়েক মাস দলের সঙ্গে থেকে আনুষ্ঠানিকভাবেই নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। অর্থাৎ, ২০৩০ বিশ্বকাপে খেলার কোনো পরিকল্পনা তার নেই।

বিশেষজ্ঞদের ধারণা ছিল, ২০২৬ ফিফা বিশ্বকাপই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ মেগা টুর্নামেন্ট। ৩৯ বছর বয়সেও বয়সের ছাপ পড়তে দেননি নিজের পারফরম্যান্সে; টুর্নামেন্টজুড়ে খেলেছেন দুর্দান্ত। আট গোল এবং চারটি অ্যাসিস্ট নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে টুর্নামেন্ট শেষ করেন তিনি। 

তবে ফাইনালে স্পেনের কাছে হৃদয়বিদারক হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মহাতারকা। যদিও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট করেই জানিয়ে রেখেছিলেন, জাতীয় দলের দরজা মেসির জন্য সব সময়ই খোলা।

অবশেষে সেই নিরবতা ভেঙেছে। বিইন স্পোর্টসের তথ্যমতে, মেসি হুট করে অবসর নিয়ে দলকে বিপদে ফেলতে চান না। নতুন প্রজন্মের খেলোয়াড়দের হাতে দলের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিতেই আগামী কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

রাজকীয় বিদায়ের প্রস্তুতি

মেসির অবসরের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই হাত গুটিয়ে বসে নেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফুটবলের এই মহানায়ককে স্মরণীয় এক বিদায় জানাতে ইতোমধ্যেই বড় ধরনের পরিকল্পনা শুরু করেছে তারা। 

খবর পাওয়া গেছে, মেসির অবদানের স্বীকৃতি দিতে বুয়েনস এইরেসে একটি বিশেষ ও হাই-প্রোফাইল বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। এটি হবে পুরো দেশের মানুষের জন্য এক পরম আবেগের মুহূর্ত, যেখানে কোটি ভক্ত সরাসরি তাদের প্রিয় তারকাকে রাজকীয় বিদায় জানাতে পারবেন।

একটি বর্ণাঢ্য ও নাটকীয় অধ্যায়ের সমাপ্তি

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলা মোটেই মসৃণ ছিল না; বরং তা ছিল নাটকীয়তায় পূর্ণ। ক্যারিয়ারের শুরুর দিকে জাতীয় দলের হয়ে একের পর এক বড় টুর্নামেন্টের ফাইনালে হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এমনও সময় গেছে যখন ক্ষোভে-দুঃখে সাময়িক অবসরও নিয়েছিলেন। তবে সেই কালো মেঘ কেটে গিয়ে আর্জেন্টিনার ফুটবলে উদয় হয় নতুন এক সোনালী ভোরের।

মেসির হাত ধরেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা জেতে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা। এমনকি ২০২৬ বিশ্বকাপেও তিনি দলকে অবিশ্বাস্য পারফর্ম করে ফাইনালে তুলেছিলেন।

ফুটবল ইতিহাসের বহু কিংবদন্তির বিদায় হয়েছে অত্যন্ত নিভৃতে- কখনো সামাজিক যোগাযোগমাধ্যমের একটি সাধারণ পোস্টে, আবার কখনো ছোট একটি সংবাদ সম্মেলনে। তবে আধুনিক ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র লিওনেল মেসির ক্ষেত্রে সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন হতে যাচ্ছে। বিশ্বজুড়ে কোটি ভক্তের ভালোবাসা আর আলবিসেলেস্তেদের ফুটবলে তার অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে এক অবিস্মরণীয় বিদায় নিশ্চিত করতে চায় আর্জেন্টিনা। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।