ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
চুয়াডাঙ্গায় এনসিপির পদযাত্রা ও পথসভায় হাসনাত আব্দুল্লাহ
আগে ভোট চুরি হতো, বিএনপি ভোটের ফলাফল চুরি করেছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২০:১৭  (ভিজিটর : )

অন্যান্য সরকারের আমলে ভোট চুরি হতো, আর ২০২৬ সালের নির্বাচনে বিএনপি ভোটের ফলাফল চুরি করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির পদযাত্রা ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন হয়েছে, ২০১৮ সালে হয়েছে মিডনাইট ইলেকশন, ২০২৪ সালে হয়েছে ডামি নির্বাচন। সবশেষ ২০২৬ সালের যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনেও ভোট চুরি হয়েছে। তবে সেটা ফলাফল ঘোষণার পরে। অন্যান্য সরকার ভোট চুরি করত, আর এই বিএনপি সরকার ভোটের ফলাফল চুরি করেছে।”

বিভিন্ন খাতে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, “ব্যাংক খাত থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতেও বিএনপির লোকজন বসানো হয়েছে। একই কায়দায় গত পরশু ১২টি প্রতিষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। ‘সবার আগে বাংলাদেশ’— এই স্লোগান বিএনপি বাস্তবে ধারণ করে না। তারা বিশ্বাস করে সবার আগে রাজনৈতিক দল, সবার আগে শুধুই দলীয়করণ। আওয়ামী লীগের মতো ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা বিএনপিও এখন থেকেই শুরু করেছে।”

এনসিপির এই নেতা ও সংসদ সদস্য আরও বলেন, “ভোটে জনগণ যাদের রেড কার্ড দেখিয়েছে, এই বিএনপি সরকার ক্ষমতায় এসে তাদেরই বিভিন্ন জায়গায় প্রশাসক পদে বসাচ্ছে। তারা প্রশাসক পদে বসে বিএনপির দলীয় পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা, টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে।”

পথসভায় এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, “২০২৪ সালের অভ্যুত্থানে বাংলাদেশের লাখো-কোটি মানুষ অংশগ্রহণ করেছিল। বাংলাদেশকে স্বাধীন করতে সেই বিপ্লবে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছেন, অনেকে ভালো করে হাঁটতেও পারেন না। অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের প্রতীক ‘৩৬ জুলাই স্তম্ভ’। এই স্তম্ভ দেখলেই আওয়ামী লীগের মাথা গরম হয়ে যায়। অথচ এই স্তম্ভের কোনো জীবন নেই, তবুও তারা বিভিন্ন জায়গায় এতে আগুন ধরিয়ে দেয়। কারণ, এই স্তম্ভে যেসব উক্তি লেখা আছে, সেসব উক্তিই আওয়ামী লীগের সিংহাসনে আগুন ধরিয়ে দিয়েছিল।”

এ কর্মসূচিতে আরও অংশ নেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক ও মোল্লা ফারুক এহসান, নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এবং চুয়াডাঙ্গা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব ও সদস্য সচিব আলমগীর হোসেন।

পথসভায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে খাজা আমিরুল বাশার বিপ্লবকে এনসিপির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।