সাতক্ষীরায় মাদক, চোরাচালান, সীমান্ত অপরাধ, অনলাইন জুয়া এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে জেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।
সোমবার দুপুরে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। এ সময়ে পুলিশকে আরও দৃশ্যমান হতে হবে এবং জনগণের আস্থা অর্জনে কার্যকর ভূমিকা রাখতে হবে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনা হবে।”
মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান, সীমান্তে অবৈধ ঘাট, ট্রাফিক ব্যবস্থাপনা, খুন-হত্যা, থানায় হয়রানির অভিযোগ, মব সন্ত্রাস, অনলাইন জুয়া এবং বিগত সরকারের সময়ের বিভিন্ন অভিযোগ নিয়ে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
সভায় সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা। একই সঙ্গে সাতক্ষীরাজুড়ে এক সপ্তাহব্যাপী বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনার ঘোষণাও দেওয়া হয়।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/আরএইচ