বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদান যারা অস্বীকার করে, তারা কখনোই জনগণের সমর্থন পাবে না।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর বরিশাল নগরীর ২৬নং ওয়ার্ডের হরিণাফুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
রহমাতুল্লাহ বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংকটকালেও আপোষহীন ভূমিকা রেখে জনগণের আস্থার জায়গা তৈরি করেছেন। জনগণের দেওয়া ‘দেশনেত্রী’ উপাধি তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও অবদানেরই স্বীকৃতি। আগামী নির্বাচনে জনগণ খালেদা জিয়ার দল ও প্রতীককে বিজয়ী করে তার প্রতি শ্রদ্ধা জানাবে।
তিনি বলেন, রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি একমাত্র বিএনপিই জানিয়েছিল। নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর যে চেষ্টা কিছু রাজনৈতিক দল করছিল, তফসিল ঘোষণার মাধ্যমে তা ব্যর্থ হয়েছে। তার ভাষায়, তফসিল ঘোষণার পর এসব নির্বাচনবিরোধী মহল রাজনৈতিকভাবে হোঁচট খেয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব মহল আবারও নির্বাচন বানচালের চক্রান্ত করতে পারে। তাই নির্বাচনবিরোধী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিলের আয়োজন করেন মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধা মো. হামিদুর ইসলাম শানু আকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দিন হাওলাদার। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. তারেক সোলায়মান ও মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু ও শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
প্রতিনিধি/আরএইচ