ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৩ মে, ২০২৬, ১৭:৫৩
চলমান বার্তা:
উন্নয়নের চেতনায় সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নে ডিসিদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
ইউএনবি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১৩:২৬ আপডেট: ০৩.০৫.২০২৬ ১৬:০৭  (ভিজিটর : )

জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে জেলা প্রশাসকদের (ডিসি) দেশকে এগিয়ে নেওয়ার চেতনা নিয়ে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জবাবদিহিতা, স্বচ্ছতা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ করে জনগণবান্ধব প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, এটার প্রতিটি দফা প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এ ব্যাপারে বদ্ধপরিকর। আমি আশা করব, আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন।

তিনি বলেন, আপনারা রাষ্ট্র পরিচালনায় সর্বোচ্চ প্রশাসনিক স্তরে অবস্থান করছেন। একটি শক্তিশালী জবাবদিহিমূলক আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনারাই হচ্ছেন সরকারের অন্যতম প্রধান চালিকাশক্তি।

শাসনব্যবস্থার অগ্রাধিকার তুলে ধরে তারেক রহমান বলেন, সুশাসন বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি আমরা করতে চাইছি। সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং অবশ্যই জবাবদিহিতা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট। সেটি হচ্ছে আমরা দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ (আপোস) করতে চাই না।

ডিসিদের প্রতি নির্দেশনায় প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো বাস্তবায়ন, ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখা এবং কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি কর্মকর্তাদের অযথা আইনি জটিলতাকে অজুহাত হিসেবে ব্যবহার না করে বাস্তবমুখী, কার্যকর ও জনমুখী সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান যাতে নাগরিকরা দ্রুত সরকারি কর্মসূচির সুফল পেতে পারেন।

সরকারপ্রধান বলেন, প্রয়োজনের অতিরিক্ত আইনকানুন ও জটিতলতাকে অজুহাত হিসেবে আমরা ব্যবহার না করি বরং বাস্তবসম্মত কার্যকর ও জনস্বার্থ-সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি। যাতে করে জনগণ সময়মত সরকারের প্রতিটি কর্মসূচির প্রত্যাশিত সুফল লাভ করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে প্রমাণিত হয়েছে, জনরায়ের প্রতিফলন ঘটলে জনপ্রশাসনের পক্ষে সুষ্ঠু নির্বাচন পরিচালনা সম্ভব। একইসঙ্গে অতীতের শাসনামলে প্রশাসনের মাধ্যমে নির্বাচন প্রভাবিত করার উদাহরণও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচন পরিচালনায় পেশাদারত্বের পরিচয় দেওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদই রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। তাই যেকোনো পদে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে এবং দেশের যেকোনো স্থানে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, কোনো সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও স্থায়ী নয়। রাষ্ট্রের প্রয়োজনে যেকোনো সময় যে কোনো পদে দায়িত্ব পালনে প্রস্তুত থাকলে জনপ্রশাসনে পেশাদারত্ব আরও দৃঢ় হবে।

তিনি আরও বলেন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও ভঙ্গুর অবস্থা বিরাজ করছিল। এর পাশাপাশি বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিও নতুন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ এরই মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও স্পোর্টস কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিদের জন্য সম্মানি ভাতা চালুর কথাও উল্লেখ করেন তিনি। দল-মত নির্বিশেষে সবাইকে তিনি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার লক্ষ্যের কথা জানান।

প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাই সরকারের নীতি বাস্তবায়নের প্রধান সেতুবন্ধন। তাদের সততা, দক্ষতা ও দায়বদ্ধতার ওপর সরকারের সাফল্য নির্ভর করে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। খাদ্যে ভেজাল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।

তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক অংশগ্রহণ বাড়াতে হবে।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মতভেদ থাকতেই পারে, তবে দেশের স্বার্থে ‘সবার আগে বাংলাদেশ’।

আজ সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উন্নয়নের কর্মকাণ্ডের ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর গঠিত সরকারের এটি প্রথম ডিসি সম্মেলন। ৬ মে পর্যন্ত চলা এ সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

সম্মেলনে মোট অধিবেশন থাকছে ৩৪টি। এর মধ্যে কার্য অধিবেশন ৩০টি এবং অংশগ্রহণকারী মন্ত্রণালয় বা বিভাগের সংখ্যা হচ্ছে ৫৬টি। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ৪৯৮টি প্রস্তাব সম্মেলনে উত্থাপিত হবে। ৫৬টি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সম্মেলনে নিজ নিজ মন্ত্রণালয়ের বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্ম-সৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্ন্যান্স, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ডিবির সোর্স জালাল হত্যা, দুই পুলিশসহ ৩ আসামির যাবজ্জীবন
ডিবির সোর্স জালাল হত্যা, দুই পুলিশসহ ৩ আসামির যাবজ্জীবন
উৎপাদনে রেকর্ড গড়লো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
উৎপাদনে রেকর্ড গড়লো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
অপতথ্য রোধ ও সাংবাদিকদের আইনি সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার
অপতথ্য রোধ ও সাংবাদিকদের আইনি সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg