দেশে হামের প্রকোপ কমছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে (১৫ মার্চ থেকে) হাম ও হামজনিত উপসর্গে মোট ২৯৪ জনের মৃত্যু হলো।
রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামের সংক্রমণের এই সর্বশেষ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন। বাকি নয়জন মারা গেছেন হামজনিত বিভিন্ন উপসর্গ নিয়ে। পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৫০ এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে এক হাজার ১৬৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৫ জনের শরীরে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন এবং নিশ্চিত হাম রোগী ৫ হাজার ৩১৩ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ২৭ হাজার ৮১৬ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সন্দেহজনক হামে মৃত্যুর হার ঢাকা বিভাগে তুলনামূলকভাবে বেশি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে হাম সংক্রমণ এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। শিশুদের মধ্যে এই রোগের ঝুঁকি ও মৃত্যুহার বেশি হওয়ায় দ্রুত রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম আরও জোরদার করা জরুরি। বিশেষ করে যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেখানে বিশেষ নজরদারির পরামর্শ দিয়েছেন তারা।
দেশবার্তা/একে