ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৪ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১৪ জুন, ২০২৬, ২০:১৯
চলমান বার্তা:
বিমানবন্দরে এআই ক্যামেরায় ধরা পড়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১৮:১৯  (ভিজিটর : )

লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। পরিকল্পনা ছিল দুবাইয়ে ট্রানজিট শেষে গন্তব্যে পৌঁছানোর। তবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরাই হয়ে যায় তার যাত্রার শেষ গন্তব্য। বিমানবন্দরের অত্যাধুনিক ফেস রিকগনিশন প্রযুক্তিতে শনাক্ত হওয়ার পর ইন্টারপোলের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। পুলিশ সদর দপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রোববার (১৪ জুন) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত করেন।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। গত বছরের ১১ এপ্রিল পাঠানো আবেদনের ভিত্তিতে ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে এবং সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাকে গ্রেপ্তারের অনুরোধ জানায়। গত ১২ জুন আবুধাবি এনসিবি থেকে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে, বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ গ্রেপ্তার করেছে এবং তিনি বর্তমানে সেখানে আটক রয়েছেন।

পুলিশের একটি সূত্র জানায়, সম্প্রতি বেনজীর আহমেদ লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের উদ্দেশে রওনা হন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে নামার পর অন্য যাত্রীদের মতোই ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসেন তিনি। এ সময় বিমানবন্দরের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা তার মুখমণ্ডল স্ক্যান করে। স্ক্যানের তথ্য আন্তর্জাতিক অপরাধীদের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হলে তার নামে থাকা ইন্টারপোলের রেড নোটিশ সামনে আসে। এরপর দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয় শাখা বিষয়টি যাচাই করে তাকে আটক ও পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায়। যদিও এ বিষয়ে দুবাই পুলিশ বা ইন্টারপোলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তাদের একজন ছিলেন বেনজীর আহমেদ। ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র‍্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের শুরুতে তার বিপুল সম্পদ নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে বেনজীর, তার স্ত্রী ও সন্তানদের নামে বিপুল পরিমাণ জমি, ফ্ল্যাট, কোম্পানির শেয়ার এবং ব্যাংক হিসাবের তথ্য পায় সংস্থাটি। আদালতের আদেশে বিভিন্ন সময়ে তাদের শত শত বিঘা জমি, একাধিক ফ্ল্যাট, কোম্পানির শেয়ার এবং ব্যাংক হিসাব জব্দ করা হয়।

দুদকের করা মামলায় অভিযোগ করা হয়, বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ে মিলে প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করেছেন। পরবর্তী সময়ে মানি লন্ডারিং আইনে আরও একটি মামলায় তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়। দুদকের তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদনও দেওয়া হয়।

বাংলাদেশ ছাড়ার পর বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি উদ্যোগ জোরদার করে সরকার। দুদকের আবেদনের পর আদালত তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা ও রেড নোটিশ জারির নির্দেশ দেন। পরবর্তীতে ইন্টারপোল আনুষ্ঠানিকভাবে তার নামে রেড নোটিশ জারি করে। বাংলাদেশের কোনো সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে এমন নোটিশ জারির ঘটনা এটিই প্রথম।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শেষ ম্যাচে মুখরক্ষার জয় আস্টেলিয়ার
শেষ ম্যাচে মুখরক্ষার জয় আস্টেলিয়ার
শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা
শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা
হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ
দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg