ফেনী সরকারি পাইলট হাইস্কুলের সামনে ফের কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন ও নগদ টাকা, মোবাইল এবং হামলা কারীদের বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ফেনী মডেল থানায় ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার আলোকদিয়া গ্রামের বাসিন্দা মোঃ জীবরান তায়েবী রুদ্র (২০) শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ ঘটিকার সময় বাড়ি থেকে ইফতার শেষে শহরের শহীদ মার্কেটের ইউনিক ফ্যাশন দোকানে যাওয়ার পথে হামলার শিকার হন।
ভিকটিমের দাবি, কলেজের সামনে পৌঁছালে মোঃ রুবেল ভূঁঞার নেতৃত্বে ৮–১০ জনের একটি দল তার পথরোধ করে। পরে তারা টানাহেঁচড়া ও মারধর করতে করতে তাকে পাইলট হাই স্কুল মাঠে নিয়ে যায় এবং ছুরি, চাপাতি, লোহার রড ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তার মানিব্যাগসহ নগদ ৪ হাজার ৭০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। পরে ভুক্তভোগী ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়দের অভিযোগ, ফেনী শহরের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে, যা নিয়ে অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ফেনী সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
প্রতিনিধি/আরএইচ