দেশের সামুদ্রিক স্বার্থ সংরক্ষণ, নিরাপদ নৌ চলাচল নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১ এপ্রিল) নৌবাহিনীর একটি টহল দল কুতুবদিয়াস্থ লেমশীখালি এলাকার অদূরে ভোলা খালের নিকটবর্তী তীর হতে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার এবং ৪৯৫ বস্তা সিমেন্ট জব্দ করে।
বাংলাদেশ নৌবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে লেমশীখালি এলাকায় একটি চক্র মায়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের প্রেক্ষিতে কুতুবদিয়ায় মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি জোরদার করে।
গতকাল (মঙ্গলবার) রাত আনুমানিক ৩ ঘটিকায় নৌবাহিনীর একটি টহল দল লেমশীখালি এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ভোলা খালের নিকটবর্তী তীরে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার নোঙর করা অবস্থায় শনাক্ত করে। নৌবাহিনীর টহল দল উক্ত ট্রলারের কাছে গিয়ে ট্রলারটিতে কোন মাঝিমাল্লা দেখতে না পেয়ে ট্রলারটি সন্দেহজনক মনে হয়। এসময় ট্রলারটিতে তল্লাশি করে ৪৯৫ বস্তা সিমেন্ট পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা। পরবর্তীতে, জব্দকৃত ট্রলার ও সিমেন্ট কুতুবদিয়া থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
জানা যায়, বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে অধিক মূল্যে বিক্রির আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এরূপ চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিনিধি/আরএইচ