ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
জুরাছড়িতে এনসিপির নেতা-কর্মীদের পদত্যাগের হিড়িক
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১৫:৩২  (ভিজিটর : )

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির আহ্বায়কসহ সব নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেছেন। দলের কেন্দ্রীয় রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে তাঁরা এই গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসীম চাকমা। এর আগে সোমবার বিকেলে এক বিশেষ সভার মাধ্যমে কমিটির ৮৭ জন নেতা-কর্মী পদত্যাগপত্রে স্বাক্ষর করেন এবং তা জেলা কমিটির কাছে পাঠিয়ে দেন।

উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা জানান, গত ১ জানুয়ারি জেলা কমিটি জুরাছড়ি উপজেলা কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দিয়েছিল। কিন্তু অতি সম্প্রতি দলের কিছু রাজনৈতিক সিদ্ধান্ত তাঁদের হতাশ করেছে।

নেতা-কর্মীদের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তাঁরা এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করার মাধ্যমে এনসিপি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে এসেছে। 

তাঁদের মতে, এই জোট গঠনের সিদ্ধান্ত গণ-অভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করার শামিল।

পদত্যাগ করা নেতা অসীম চাকমা বলেন, দলের বর্তমান অবস্থানের সঙ্গে আমাদের আদর্শিক অবস্থান মিলছে না। এই পরিস্থিতিতে আমাদের পক্ষে সেই আদর্শকে লালন করা আর সম্ভব হচ্ছে না। তাই আমরা জাতীয় নাগরিক পার্টি রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়কসহ সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিচ্ছি।

তাঁরা আরও জানান, জোটবদ্ধ হওয়ার মাধ্যমে দল তার মূল চেতনা থেকে বিচ্যুত হওয়ায় তাঁরা আর এই সংগঠনের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে চান না।

রাঙামাটি জেলা এনসিপি সূত্র জানায়, পদত্যাগপত্রটি তারা পেয়েছে এবং বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।