যশোরের চৌগাছা সড়কে ট্রাকের ধাক্কায় মকবুল হোসেন (৪৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন চৌগাছা উপজেলার পাশাপোল কলেজের অধ্যাপক এবং একই উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মকবুল হোসেন মোটরসাইকেলযোগে যশোর শহর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে আমবটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ প্রসঙ্গে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিনিধি/আরএইচ