ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
কৃষিযন্ত্রের তেলের জন্য মন্ত্রীকে কৃষকের ফোন
এম এস রহমান, পাবনা
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৬:৪০  (ভিজিটর : )

কৃষিযন্ত্র চালানোর জন্য তেলপাম্পে গিয়ে চাহিদা মাফিক তেল পাচ্ছেন না পাবনার কৃষকরা। ফলে ডিজেল সংকটে বেশ বিপাকে পড়েছেন তারা। ফসল উৎপাদন, কাটাই, মাড়াই কাজে ভোগান্তি ও ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তাদের।

পাবনার ঈশ্বরদী উপজেলার এমনই ভুক্তভোগী কয়েকজন কৃষক উপজেলা কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান না পেয়ে কৃষিমন্ত্রীকে ফোন দেন। মন্ত্রীও তাৎক্ষণিক সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন। কিন্তু আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত সমস্যার সমাধান হয়নি বলে দাবি কৃষকদের।

ঈশ্বরদী উপজেলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক ময়েজ উদ্দিন ওরফে কুল ময়েজ এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিটি ফসল আবাদে বর্তমানে আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার হচ্ছে। মাড়াই কাজে হারভেস্টার, জমি চাষ দিতে পাওয়ার ট্রিলার, সেচের জন্য শ্যালো মেশিন, এমনকি ওষুধ ছিটাতেও যন্ত্র চালিত স্প্রে ব্যবহার করা হচ্ছে। প্রতিটি যন্ত্র চালাতেই প্রয়োজন ডিজেল। কিন্তু এই যন্ত্রগুলো তো বহন করে তেল পাম্পে নিয়ে যাওয়া সম্ভব নয়। যেকারণে কৃষকরা দীর্ঘদিন ধরে ক্যানে (ঢোপ) তেল নিয়ে যেতেন। বর্তমানে ক্যানে তেল দেয়ার নিষেধাজ্ঞা জারির কারণে পাম্প কর্তৃপক্ষ তাঁদের তেল দিচ্ছেন না। এতে উপজেলার শত শত কৃষক মহাবিপাকে পড়েছেন।

ময়েজ উদ্দিন বলেন, ‘তেল সমস্যা সমাধানে কিছুদিন হলো উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের চিরকুট (স্লিপ) দিচ্ছিলেন। কিন্তু তাতেও পাম্প কর্তৃপক্ষ তেল দিচ্ছেন না। ফলে গত রোববার (২৯ মার্চ) বিকেলে তাঁরা ৪০ থেকে ৪৫ জন কৃষক ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তরে গিয়েছিলাম। সেখানে গিয়ে সমস্যা সমাধান না পেয়ে আমি বিকেল ৫টা ৪১ মিনিটে সরাসরি কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিকে ফোন দিয়ে কথা বলি। পরে মন্ত্রীর সঙ্গে কৃষি কর্মকর্তাকে কথা বলিয়ে দেই। মন্ত্রী তাৎক্ষণিক সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে সেখান থেকে ইউএনও সাহেবের কাছে গিয়েও বিষয়টি অবগত করি। তিনি বলেছিলেন কৃষি অফিসার তাকে চিঠি দিলে তিনি দেখবেন।’

তিনি বলেন. ‘আজ মঙ্গলবার আবার কৃষি অফিসে গিয়েছিলাম খোঁজ নিতে। কৃষি অফিসার বলেছেন, তিনি ইউএনও সাহেবকে চিঠি দিয়েছেন। ইউএনও সাহেব সেই চিঠি জেলা প্রশাসকের কাছে পাঠাবেন। জেলা প্রশাসক অনুমতি দেওয়ার পর নাকি তেল দেবে। কিন্তু ইউএনও সাহেব কবে জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠাবেন, আর কবে সমস্যার সমাধান হবে বুঝতে পারছি না। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত সমাধান হয়নি। কৃষক তেল পাচ্ছে না। ইতিমধ্যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে।’

কৃষক ময়েজ উদ্দিন বলেন, ‘দেশে কতরকম কার্ড আছে। কিন্তু আমাদের কৃষকদের কোন তালিকা নেই, কার্ড নেই। যার কারণে আমাদের পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে। তেলের ক্ষেত্রেও তাই হচ্ছে। একটা কৃষি কার্ড থাকলে সবক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে কৃষকদের সমস্যার সমাধান হতো। দ্রুত তেল সংকট সমস্যার সমাধান না হলে ফসল ও কৃষকের ব্যাপক ক্ষতি হবে।’

ভুক্তভোগী কৃষক ঈশ্বরদী পৌর সদরের ৯ নাম্বার ওয়ার্ডের ইস্তা মহল্লার বাসিন্দা আদম আলী বলেন, ‘আমার একটি হার্ভেস্টর, একটি ট্রাক্টর, ৩টি পাওয়ার টিলার, দুটি পাওয়ার স্প্রে ও একটি জমি চাষের আলাদা মেশিন আছে। এই ৮টি যন্ত্র ব্যবহার করতে প্রতিদিন ৮০ থেকে ১০০ লিটার তেল লাগে। কিন্তু এখন একদিন পর দুইদিন পর পর ৫০-৬০ লিটার তেল দেয়। সেটা দিয়ে একদিন চালানোই কঠিন। খুব সমস্যার মধ্যে আছি।’

আরেক কৃষক জাহিদুল ইসলাম ওরফে গাজর জাহিদ বলেন, ‘তেল নিয়ে যেন তেলেসমাতি চলছে। অসাধু ব্যবসায়ীরা তেল মজুত করে মুনাফা লুট করছে। আর সাধারণ কৃষক আমরা আবাদের জন্য তেল পাচ্ছি না। আমাদের কৃষিযন্ত্র গুলো বসে থাকছে। আবাদ বা ফসল কাটা মাড়াই বন্ধ হয়ে আছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু এভাবে চললে তো কৃষক বাঁচতে পারবে না। বিষয়টি গুরুত্বের সাথে দেখা উচিত বলে জানান তিনি।’

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, ‘তিনি (ময়েজ উদ্দিন) কৃষিমন্ত্রীর কথা বলে একজনকে ফোন ধরিয়ে দিয়েছিলেন। ফোনের ওপার থেকে সমস্যা সমাধান করতে বলেছেন। আমরা সমস্য সমাধানে উদ্যোগ নিয়েছি। তেল পাম্পগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। কিছু কৃষক তেল পেয়েছেন। আশা করছি আগামীকাল বুধবার থেকে সবাই তেল পাবেন।’

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ‘মূলত ঢোপে তেল নিতে গেলে মোটরসাইকেল চালকরা বঁধা দেন। এতে ভুল বোঝাবুঝি ও বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। তবে সমস্যা সমাধানে আমরা ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ নিয়েছি। কৃষি বিভাগকে বিষয়টি তদারকির নির্দেশনা দেয়া হয়েছে। পাম্পমালিকদের সঙ্গেও কয়েকদফা বৈঠক করা হয়েছে। আশা করছি আর সমস্যা থাকবে না।’

প্রতিনিধি/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg