ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সরব উপস্থিতি সব সময় নজর কাড়ে ভক্তদের। গ্ল্যামার আর অভিনয় দিয়ে যেমন দর্শক মাতিয়ে রাখেন, তেমনি ব্যক্তিগত জীবন আর সোজাসাপ্টা মন্তব্যের কারণে প্রায়ই থাকেন সংবাদ শিরোনামে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নীতিবাক্য প্রচারকারীদের যেন একহাত নিলেন এই অভিনেত্রী।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। যেখানে তিনি সমালোচনা ও নীতিবোধ নিয়ে বেশ কড়া বার্তা দিয়েছেন।
পরীমণি তাঁর পোস্টে লিখেছেন, ‘নীতিবাক্য ঝাড়ার সময় খেয়াল রাখুন, নিজের জীবনের সব নীতির নিয়ম নিয়ন্ত্রণে আছে কি না। কনফেস করার পর কাউকে ইঙ্গিতপূর্ণভাবে বলাটাও খুব একটা নীতিবানের কাজ নয়।’
অভিনেত্রীর এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, ‘নীতির কথা বলা সহজ, কিন্তু সেটা নিজের জীবনে মানা কঠিন কাজ।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘কথাটি একদম ঠিক, আগে নিজেকে দেখা উচিত।’
সাম্প্রতিক সময়ে পরীমণিকে নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা চলছে। নেটিজেনদের ধারণা, যারা তাঁকে নিয়ে অপ্রাসঙ্গিক সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণ করছেন, তাঁদের উদ্দেশ্যেই এই কড়া জবাব দিয়েছেন তিনি। তবে ঠিক কার উদ্দেশে এই বার্তা, তা স্পষ্ট করেননি এই নায়িকা।
দেশবার্তা/একে