ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:৫৭
চলমান বার্তা:
মহাকাশে অন্ধকারে পৃথিবীকে কেমন দেখেছেন, জানালেন নভোচারীরা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১৫:৩০  (ভিজিটর : )

চাঁদের চারপাশ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিজ্ঞতা বলতে গিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস-২ চন্দ্রাভিযানের নভোচারীরা। মহাকাশে পৃথিবীকে একটি ‘লাইফবোট’-এর মতো বিচ্ছিন্ন অবস্থায় দেখার পর তাঁরা পৃথিবীতে ঐক্যের আহ্বান জানিয়েছেন।

অভিযানের সাফল্যের পর নাসা আয়োজিত এক সংবাদ সম্মেলনে চার নভোচারী কথা বলেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে এই সংবাদ সম্মেলন হয়।

৫০ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো মানুষবাহী মহাকাশযান চাঁদের চারপাশে ‘স্লিংশট’ কৌশলে ঘুরেছে। এটি মানব ইতিহাসে সবচেয়ে গভীর মহাকাশে ভ্রমণ।

অভিযান শেষে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে নিরাপদে অবতরণ করে নভোচারীদের বহনকারী ক্যাপসুল। সংবাদ সম্মেলনে মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও জেরেমি হ্যানসেনের পাশে দাঁড়িয়ে নভোচারী ক্রিস্টিনা কোচ পৃথিবীর মানুষের প্রতি অভিন্ন মানবতাকে গ্রহণ করার আহ্বান জানান।

ক্রিস্টিনা বলেন, ‘আমাকে শুধু পৃথিবী নয়, এর চারপাশের অন্ধকারটাই বেশি বিস্মিত করেছে। সেই অন্ধকারে পৃথিবী ছিল নিঃশব্দে ঝুলে থাকা একটি লাইফবোট।’

কানাডার নভোচারী হ্যানসেন আর্টেমিস-২ অভিযানের ভক্তদের প্রতি আহ্বান জানান, তাঁরা যেন চার সদস্যের ক্রুর মধ্যে নিজেদের প্রতিফলন দেখেন।

এই অভিযানে একাধিক ঐতিহাসিক মাইলফলক তৈরি হয়েছে। ভিক্টর প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে চাঁদের চারপাশ ভ্রমণ করেছেন। ক্রিস্টিনা প্রথম নারী হিসেবে এই অর্জন গড়েছেন। হ্যানসেন প্রথম অ-মার্কিন হিসেবে এই অভিযানে অংশ নিয়েছেন।

অভিযানকালে নভোচারীরা হাজার হাজার ছবি তুলেছেন। তাঁরা সূর্যগ্রহণ ও চাঁদের পৃষ্ঠে উল্কাপাতের বিরল দৃশ্য দেখেছেন।

নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন, ‘আর্টেমিস-২ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমরা আবার চাঁদকে নতুনভাবে দেখেছি। শৈশবের স্বপ্ন বাস্তব অভিযানে রূপ নিল। আপনারা বিশ্বকে আবার বিশ্বাস করতে শিখিয়েছেন, যা কেউ কখনো ভুলবে না।’

আর্টেমিস-২ নাসার সেই কর্মসূচির প্রথম মানববাহী মিশন, যার লক্ষ্য চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি গড়ে তোলা। ভবিষ্যতে মঙ্গল অভিযানের জন্য চাঁদে একটি ঘাঁটি তৈরি করা।

নাসা আশা করছে, ২০২৮ সালের মধ্যে চাঁদের পৃষ্ঠে আবার মানুষের পা রাখার পরিকল্পনা বাস্তবায়িত হবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg