সুন্দরবনে পরিচালিত ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এর আওতায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে (৩৫) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা বাগেরহাটের রামপাল থানাধীন শুকদারা বাজার সংলগ্ন এলাকায় পরিবারের সাথে দেখা করতে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২০ এপ্রিল) রাত ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পরবর্তীতে আটককৃত ডাকাতের দেওয়া তথ্যের ভিত্তিতে মধ্যরাত ২টায় মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক আব্দুস সামাদ মোল্লা বাগেরহাটের রামপাল থানার বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর হয়ে দস্যুতা চালিয়ে আসছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে বনদস্যু দমনে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো এই বিশেষ সফলতা অর্জিত হলো।
জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
দেশবার্তা/একে