দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) খাতে আর্থিক সহায়তা সম্প্রসারণ ও গতিশীলতা আনবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেড (এলডিএল)। প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্প্রতি এ লক্ষ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব বা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এই অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হলো দেশের এমএসএমই খাতে আর্থিক সেবার আওতা বাড়ানো এবং উদ্যোক্তাদের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগের ফলে প্রান্তিক ও মাঝারি উদ্যোক্তারা সহজতর আর্থিক সেবা পাবেন, যা দেশের সামগ্রিক আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং নতুন উদ্যোক্তাদের বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আর এম নাজমুস সাকিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে তারা আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রটি বিনিময় করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেডের সিনিয়র এজিএম মোস্তফা আল মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উভয় পক্ষই আশা প্রকাশ করেন, এই সমন্বিত উদ্যোগ দেশের অর্থনীতিতে এমএসএমই খাতের অবদানকে আরও শক্তিশালী করবে।
দেশবার্তা/একে