প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সফল বাস্তবায়ন ও প্রচার-প্রচারণা জোরদারের লক্ষ্যে সাতক্ষীরায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আখতার।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঘোষিত এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করা। তাদের নিবিড় প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে দক্ষতা উন্নয়ন ঘটিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ আয়োজন সফল করতে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা অপরিহার্য। সাতক্ষীরা থেকে আরও জাতীয় মানের খেলোয়াড় উঠে আসবে—এটাই প্রত্যাশা।
এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল খায়ের, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের সফল বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, আগামী ২ মে থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ